মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
রাফাল ধ্বংসে ভারত বেকায়দায়, কাটজুর তীব্র কটাক্ষ!
অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাম্প্রতিক আকাশজয়ের প্রেক্ষাপটে ভারতের রাফাল যুদ্ধবিমান চুক্তিকে বিদ্রুপের তীরে বিদ্ধ করলেন ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কান্ডেয় কাটজু। ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ভারতের আলোচিত রাফাল চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছেন তিনি।
কাটজু ঠাট্টার সুরে লেখেন, ‘সব দোষ পাকিস্তানিদের। ওরা দাসোকে মোটা ঘুষ দিয়ে এমন সব নিম্নমানের রাফাল সরবরাহ করিয়েছে, যেগুলো চীনা যুদ্ধবিমানের আঘাতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।’
তার এই রসিকতার আড়ালে লুকিয়ে আছে ভারতের সামরিক কেনাকাটা ও রাফালের বাস্তব সক্ষমতা নিয়ে এক গুরুতর প্রশ্ন। বিশেষ করে সাম্প্রতিক সংঘাতে রাফালের ফলপ্রসূতা না থাকায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে গণমাধ্যমে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছেন, পাকিস্তান বিমান বাহিনী ফের একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এবার গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভারতের মিরাজ-২০০০, যেটি ৬-৭ মে রাতে কাশ্মিরের পামপুরে গুলি করে নামানো হয়।
এই ঘটনার পর পাকিস্তান জানিয়েছে, চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে এখন পর্যন্ত তারা মোট ৬টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে।
এর আগে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হলে ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। এর জবাবে শুরু হয় পাল্টাপাল্টি আক্রমণ, যা অবশেষে ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে বিরতি পায়।