বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সরকারি গাড়ি লক্ষ্য, বাজৌরে সন্ত্রাসী হামলার নতুন অধ্যায়!
অনলাইন ডেস্ক
পাকিস্তানের উত্তরের খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় সরকারি একটি গাড়িকে লক্ষ্য করে ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে। বুধবারের ওই হামলায় অন্তত ৫ জনের করুণ মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১১ জন। নিহতদের মধ্যে একজন সহকারী কমিশনার এবং পুলিশের একজন কর্মকর্তা রয়েছেন।
বাজৌর জেলার পুলিশ সুপার (ডিপিও) ওয়াকাস রফিক গণমাধ্যমকে জানান, খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকার নাওয়াগাই সড়কে সরকারি একটি গাড়ির ওপর শক্তিশালী বিস্ফোরণ চালানো হয়। এতে পুলিশের দুই কর্মকর্তা, একজন সাধারণ মানুষসহ আরও দুইজনের মৃত্যু ঘটে।
তিনি বলেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে গাড়িটি ছিন্নভিন্ন হয়ে যায়। আহত ১১ জনকে উদ্ধার করে দ্রুত খার জেলার সদর হাসপাতালে (ডিএইচকিউ) ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার এবং উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেন ডিপিও ওয়াকাস।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্য উপদেষ্টা ইহতেশাম আলী এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি জানান, খার জেলা সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আহতদের চিকিৎসার অগ্রগতি দেখছেন।
তিনি আরও বলেন, বাজৌরের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের সর্বদা প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রদেশের স্বাস্থ্য উপদেষ্টা জনগণকে আশ্বস্ত করে বলেছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়ে মালাকান্দ অঞ্চলের পুলিশ কর্মকর্তার (আরপিও) কাছে নির্দেশনা পাঠিয়েছেন।
তিনি নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান জোরদার করতে বলেছেন। পাশাপাশি পুলিশের সন্ত্রাসবিরোধী শাখার অতিরিক্ত আইজিকে বাজৌরে বিশেষ দল পাঠানোরও নির্দেশ দিয়েছেন।
জুলফিকার হামিদ বলেন, পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা ইতোমধ্যে হামলার তথ্য-উপাত্ত সংগ্রহে মাঠে নেমেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্যরা সহকারী কমিশনারের গাড়িকে টার্গেট করেই হামলা চালিয়েছে।
তিনি জানান, হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে একাধিক পুলিশি দল গঠন করা হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়কারী বিশেষ ইউনিটও ঘটনাস্থলে কাজ শুরু করেছে।