মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ভারতের সামরিক বাজেটে আগুন! প্রস্তুতি নতুন উচ্চতায়
অনলাইন ডেস্ক
‘অপারেশন সিঁদুর’-এর জোরালো প্রতিক্রিয়ার রেশ কাটতে না কাটতেই ভারতের সামরিক বাজেটে নজিরবিহীন বৃদ্ধির ঘোষণা। সরকারি সূত্রে জানা গেছে, দেশটি তাদের প্রতিরক্ষা বাজেটে আরও ৫০ হাজার কোটি টাকা যোগ করতে চলেছে।
শুক্রবার (১৬ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিরক্ষা খাতে এই অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে সম্পূরক বাজেটের মাধ্যমে। নতুন এই সংযোজনের ফলে ভারতের মোট সামরিক বাজেট ৭ লাখ কোটি টাকার গণ্ডি পেরিয়ে যাবে—যা দক্ষিণ এশিয়ার ইতিহাসে নজিরবিহীন।
এনডিটিভি জানায়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সশস্ত্র বাহিনীর জন্য ৬.৮১ লাখ কোটি টাকা বরাদ্দ করেন, যা আগের বছরের তুলনায় ৯.২ শতাংশ বেশি। সেই বাজেটেই ছিল সামরিক খাতে বড় ধরনের রদবদলের ইঙ্গিত।
সরকারি সূত্রগুলো জানায়, বাড়তি বাজেটের অনুমোদন চাওয়া হবে সংসদের শীতকালীন অধিবেশনে। বরাদ্দ অর্থ গবেষণা, অস্ত্র ও গোলাবারুদ কেনা এবং অত্যাধুনিক প্রযুক্তি ভিত্তিক সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন প্রশাসন ২০১৪ সাল থেকে প্রতিরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। ২০১৪-১৫ সালে যখন বিজেপি সরকার প্রথমবার ক্ষমতায় আসে, তখন প্রতিরক্ষা বাজেট ছিল ২.২৯ লাখ কোটি টাকা। এক দশকে তা প্রায় তিনগুণ হয়ে এখন দেশের সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত এবং মোট বাজেটের ১৩ শতাংশ দখল করে নিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির পেছনে রয়েছে পাকিস্তানের সঙ্গে বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়, যা ছিল ভারতের সামরিক ইতিহাসে এক অত্যাধুনিক প্রতিক্রিয়া।
‘অপারেশন সিঁদুর’ ভারতীয় বাহিনীর নির্ভুল সমন্বয় এবং ইসরায়েলের ‘আয়রন ডোম’-এর সমতুল্য স্বদেশীয় বিমান প্রতিরক্ষা প্রযুক্তির সক্ষমতাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। বিশেষভাবে আলোচনায় এসেছে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
সেই ধারাবাহিকতায় এখন ভারত পরীক্ষা চালাচ্ছে ভার্গবাস্ত্র নামে একটি অত্যাধুনিক, তুলনামূলকভাবে সাশ্রয়ী, ড্রোন প্রতিরোধক প্রযুক্তির ওপর। এই সিস্টেমের মাইক্রো-রকেটগুলো ওড়িশার গোপালপুরে সিওয়ার্ড ফায়ারিং রেঞ্জে কঠোর পরীক্ষায় উতরে গেছে।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক ডিআরডিও বিজ্ঞানী ও আকাশ প্রকল্পের রূপকার ড. প্রহ্লাদা রামারাও বলেন, “আকাশের জন্য আমাদের ট্যাগলাইন—‘সারা আকাশ হামারা’, অর্থাৎ ‘আকাশজুড়ে আমাদের রাজত্ব’।”
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হলে দেশীয় প্রযুক্তিতে তৈরি সরঞ্জামই একমাত্র দীর্ঘস্থায়ী পথ। বিদেশ থেকে কেনা অস্ত্র ব্যবস্থার উপর নির্ভরতা ভবিষ্যতের জন্য আত্মঘাতী হতে পারে বলেও সতর্ক করেন তিনি।