শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে উপজেলার জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে প্রেমিক ফয়সালের বাড়িতে অবস্থান করছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণী চারঘাট উপজেলার বাসিন্দা এবং অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। প্রায় সাত বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে ফয়সালের সঙ্গে তার পরিচয় হয় এবং সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে তাকে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান ফয়সাল।
ভুক্তভোগী তরুণী বলেন, দীর্ঘ সাত বছর ধরে তাদের সম্পর্ক চলছিল। বিয়ের কথা বলে ফয়সাল তাকে তার এক বন্ধুর বাড়িতে নিয়ে যান, যেখানে তাদের শারীরিক সম্পর্ক হয়। পরে আবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজ বাড়িতে ডেকে নেন। কিন্তু বর্তমানে পারিবারিক চাপে তিনি সম্পর্ক অস্বীকার করছেন এবং অন্য এক মেয়েকে বিয়ে করেছেন বলে দাবি করছেন, যা তিনি মিথ্যা বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ফয়সালের সঙ্গে বিয়ে না হলে তিনি এই বাড়িতেই বিষপান করে আত্মহত্যা করবেন। তার ভাষায়, তার সামনে আর কোনো বিকল্প নেই।
এদিকে ফয়সাল পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফয়সালের পরিবারের সদস্যরা জানান, একসময় তাদের মধ্যে সম্পর্ক থাকলেও বর্তমানে তা নেই। তাদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে ওই তরুণী বিষের বোতল নিয়ে এসে ফয়সালকে ফাঁসানোর উদ্দেশ্যে অনশন করছেন। ফয়সালের বড় বোন বলেন, সম্পর্ক থাকলে তারা মেনে নিতেন, তবে মাঝেমধ্যে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এর মধ্যেই তার ভাই অন্য এক মেয়েকে বিয়ে করেছেন। তাই এই সম্পর্ক এখন মেনে নেওয়া সম্ভব নয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।