শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি
“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা উন্নয়নে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা সার্কেলের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন এবং চালকদের নৈতিক দায়িত্ব বিষয়ে আলোচনা হয়।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক (ইঞ্জি.) মো. জিয়াউর রহমান, পিএএ। তিনি বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগে সড়ককে নিরাপদ করতে হবে। প্রতিটি চালকের দায়িত্বশীলতা ও সচেতনতা এই লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন (সি.সহ.সচিব), খুলনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রভাষক ডা. অনিন্দ্য কুমার সাহা, সহকারী পরিচালক (ইঞ্জি.) উসমান সরওয়ার আলম এবং মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী চালকরা সড়ক দুর্ঘটনা হ্রাসে নিজ নিজ ভূমিকা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।