শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
বেবিয়ারা খাতুন, স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০০ টাকা নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে বাবুল হোসেন (৫৫) নামে এক মুদি দোকানি খুন হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বাবুল হোসেন শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি মহল্লার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে। তিনি ইসরাইল মোড় এলাকায় মুদি ব্যবসা করতেন।
বাবুলের ভাই নজরুল ইসলাম জানান, ২১ আগস্ট সকাল ৮টার দিকে বাবুল হোসেনের দোকান থেকে বিকাশে টাকা উত্তোলন করে নিয়ে যান পৌর এলাকার বড় চক মহল্লার গুমানের ছেলে আসাদুল। পরে বেলা সাড়ে ১১টার দিকে একটি ১০০ টাকার নোট নষ্ট বলে ফেরত দিতে আসেন আসাদুল। এ সময় তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।
পরে আসাদুল ১৫-২০ জন সন্ত্রাসী ডেকে বাবুল হোসেনের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন বাবুল হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবশেষে মঙ্গলবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
“১০০ টাকার জন্য আমার ভাইয়ের প্রাণটাই চলে গেলো” — বলেন নিহত বাবুলের ভাই নজরুল ইসলাম।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।