রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
কাশ্মীর হামলার পর পাকিস্তানের ‘আকাশপথে যুদ্ধ’ নীতি আরও জোরদার!
অনলাইন ডেস্ক
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর কিছুটা থিতিয়েছে ভারত-পাকিস্তান উত্তেজনা, তবে পাকিস্তান এখনো আকাশপথে ভারতের জন্য তালা লাগিয়ে রেখেছে। দিল্লির যেকোনো সামরিক বা বেসামরিক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমায় ঢোকার সুযোগ পাচ্ছে না।
২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর চালানো এক চাঞ্চল্যকর জঙ্গি হামলায় প্রাণ হারান অন্তত ২৫ জন। প্রতিক্রিয়ায় ভারত এককভাবে স্থগিত করে দেয় সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি। এর পাল্টা কৌশল হিসেবে ২৪ এপ্রিল থেকেই ভারতীয় যেকোনো উড়োজাহাজের জন্য আকাশপথ বন্ধ করে দেয় পাকিস্তান।
যদিও যুদ্ধাবস্থা এখন থেমে আছে, ইসলামাবাদ ধারাবাহিকভাবে আকাশপথে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে চলেছে। সর্বশেষ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে আরও এক মাস। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ)। খবর—গণমাধ্যম।
শুক্রবার এক নতুন নোটিশ জারি করে পিএএ জানিয়েছে, ২৪ আগস্ট সকাল ৫টা ১৯ মিনিট পর্যন্ত ভারত এবং ভারতের সংশ্লিষ্ট যেকোনো ধরনের উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে পারবে না। এতে সামরিক, বেসামরিক, বাণিজ্যিক—সব ধরনের বিমান চলাচলই অন্তর্ভুক্ত।
নোটিশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, নিষেধাজ্ঞা চলাকালীন কেউ নিয়ম লঙ্ঘন করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এপ্রিলে প্রথম নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান, এরপর থেকে তা একাধিকবার নবায়ন করা হয়েছে। সর্বশেষ বাড়ানো মেয়াদ ছিল ২৩ জুলাই পর্যন্ত। এখন তা আরও এক মাস বাড়িয়ে কৌশলগত বার্তা দিচ্ছে ইসলামাবাদ।