মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
পাঁচ মাসেই বদলে গেল শেখ হাসিনার উপাধি ভারতীয় সংবাদে!
অনলাইন ডেস্ক
বাংলাদেশে জুলাই বিপ্লবের পর ভারতীয় গণমাধ্যমে ঢাকাকে ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয়। আগে যেখানে শুধুমাত্র বড় কোনো ঘটনা বা রাজনৈতিক বিশ্লেষণেই বাংলাদেশ ঠাঁই পেত, ৫ আগস্টের ঘটনার পর সেই চিত্র একেবারে বদলে যায়।
বাংলাদেশকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমে শত শত প্রতিবেদন প্রকাশ হতে থাকে। তবে এসব প্রতিবেদনের ভাষা ও দৃষ্টিভঙ্গি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিশেষ করে শেখ হাসিনাকে তারা যেভাবে উপস্থাপন করছে, তা নিয়ে সবার কৌতূহল চরমে।
বাংলাদেশের গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে, বিশেষ করে গত পাঁচ মাসে ভারতীয় পত্রপত্রিকাগুলো শেখ হাসিনাকে কীভাবে বর্ণনা করছে, তা নিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইং প্রধান ফয়সাল মাহমুদ ফেসবুকে বিশ্লেষণমূলক মন্তব্য করেছেন।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ফয়সাল মাহমুদ লেখেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের দৃষ্টিভঙ্গিতে স্পষ্ট পরিবর্তন এসেছে। ভারতীয় প্রথম সারির গণমাধ্যমগুলো আগে তাকে যে রূপে উপস্থাপন করত, এখন তা অনেকটাই বদলেছে, বিশেষ করে গত পাঁচ মাসে।
ফয়সাল মাহমুদ লেখেন, ভারতীয় সংবাদপত্রগুলো শুরুতে শেখ হাসিনাকে ‘প্রাক্তন প্রধানমন্ত্রী’ বলেই সম্বোধন করত। পরে তাদের ভাষ্যে তা হয়ে দাঁড়ায় ‘অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী’। আর এখন ভারতের চারটি শীর্ষ সংবাদপত্র — টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস — ধীরে ধীরে তাকে ‘পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা শুরু করেছে।
পোস্টের শেষে তিনি মন্তব্য করেন, এই পরিবর্তনের ধারা নেহাত মন্দ নয়।