শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
ইসরায়েলের এক আঘাতেই যুক্তরাষ্ট্রকে গর্জে উঠতে হুঁশিয়ারি!
অনলাইন ডেস্ক
পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর ওপর হামলা চালায়, তবে এর দায় যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।
শুক্রবার (২৩ মে) আলজাজিরার এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কঠোর ভাষায় বলেছেন, যদি ইসরায়েল এই ধরনের আক্রমণ চালায়, তাহলে তা শুধু তেহরান নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে এবং এর মূল দায়ী হিসেবে যুক্তরাষ্ট্রকেই চিহ্নিত করা হবে। সিএনএনের বরাতে জানা গেছে, ইসরায়েল ইতিমধ্যে হামলার প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দারা।
এই পরিস্থিতিতে আজ ইরান ও যুক্তরাষ্ট্র পঞ্চম দফার পারমাণবিক আলোচনা শুরু করতে যাচ্ছে। আলোচনার মূল এজেন্ডা—ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম। ওয়াশিংটনের মতে, এটি পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ইঙ্গিত করে। তবে তেহরান তার অবস্থানে অনড়—তাদের কর্মসূচি কেবল শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করে আসছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পাঠানো এক চিঠিতে আরাঘচি লিখেছেন, ইসরায়েলের যেকোনো উসকানি বা অবৈধ পদক্ষেপের বিপরীতে ইরান কঠোর জবাব দেবে। তিনি সতর্ক করেন, ইসরায়েলি হুমকি বন্ধ না হলে ইরান তার পারমাণবিক কেন্দ্রগুলো রক্ষায় বিশেষ পদক্ষেপ নিতে বাধ্য হবে।
আরাঘচি আরও জানান, ইসরায়েলের কোনো হামলায় যুক্তরাষ্ট্রকে সরাসরি ‘অংশীদার’ হিসেবে বিবেচনা করবে ইরান। তিনি বলেন, আমাদের প্রতিক্রিয়ার ধরন ও মাত্রা আন্তর্জাতিক আইনের আওতাধীন বাধ্যবাধকতা অনুসারে নির্ধারিত হবে।
সিএনএনের মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, মার্কিন গোয়েন্দারা ইঙ্গিত পেয়েছেন যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার এই ধরনের হুমকি দিয়েছেন, যার উদ্দেশ্য—ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন না করতে পারে।
এদিকে, আজ রোমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পঞ্চম দফার পরোক্ষ আলোচনা শুরু হচ্ছে। আলোচনায় থাকছে, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত বা বন্ধ করলে, পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাব্য চুক্তি। তবে ইসরায়েল বরাবরই এই ধরনের চুক্তির বিরোধিতা করে আসছে।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সরাসরি হুমকি দিয়ে বলেছে, ইসরায়েল যদি হামলার চেষ্টা করে, তবে তারা ‘ধ্বংসাত্মক ও প্রতিহিংসাপূর্ণ’ জবাব দেবে। আইআরজিসির মুখপাত্র আলিমোহাম্মদ নাইনি গণমাধ্যমে বলেন, যুদ্ধের ভয় দেখিয়ে ইরানকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে, কিন্তু তা মারাত্মক ভুল হিসেবে প্রমাণিত হবে।