বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
দ্রব্যমূল্যের আগুনে জ্বলছে জনতা, রাজপথে ফিরছে নতুনধারা!
অনলাইন ডেস্ক
দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবি। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দেশের বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট সকলের প্রতি তাদের এই দাবি পৌঁছে দেয়া হয়েছে। ১২ মে প্রেরিত ওই বিবৃতিতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম সদস্য কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা দেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
নতুনধারার নেতারা অভিযোগ করেন, এই অস্থিরতা কেবল বাজার ব্যবস্থার দুর্বলতার কারণে নয়, বরং এর পেছনে রয়েছে একটি নির্দয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতা। তারা বলেন, নির্মমভাবে দাম বাড়ানো হচ্ছে এমন এক সময়, যখন দেশের মানুষ রাজনৈতিক নিপীড়ন আর স্বৈরশাসনের ভয়াবহ স্মৃতি পেছনে ফেলতে চাচ্ছে। কিন্তু এই পরিস্থিতি যেন সেই ফ্যাসিস্ট আমলেরই এক ঘৃণ্য ছায়া। বিবৃতিতে তারা স্পষ্ট করে বলেন, অতীতের মতো আজও জনগণের কণ্ঠরোধ করে, তাদের দুর্দশার কথা না ভেবে সরকারের একের পর এক ভুল সিদ্ধান্ত, দুর্নীতি এবং যত্রতত্র রাস্তা বন্ধ করে রাজনৈতিক সমাবেশের মাধ্যমে মানুষের জীবনে দুর্ভোগ বাড়ানো হচ্ছে।
নতুনধারা বাংলাদেশ এনডিবি’র পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, যদি দ্রব্যমূল্য এভাবে অস্বাভাবিক হারে বাড়তে থাকে, আর দুর্নীতির লাগাম টেনে ধরা না হয়, তবে সাধারণ মানুষ আবারো রাজপথে নেমে আসতে বাধ্য হবে। তারা বলেন, শান্তিতে নোবেল বিজয়ী একজন বরেণ্য ব্যক্তিত্বের নেতৃত্বাধীন দেশে এ ধরনের মূল্যবৃদ্ধি ও অনিরাপত্তা শুধু দুর্ভাগ্যজনক নয়, লজ্জারও বিষয়।
বিবৃতিতে আরও বলা হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা কমিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। অন্যথায়, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বারো বছর ধরে জনদাবি আদায়ের আন্দোলনে লিপ্ত নতুনধারা বাংলাদেশ এনডিবি আবারো রাজপথে নামবে জনগণের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।
নেতারা জানান, নতুনধারা বাংলাদেশ এনডিবি মঞ্চ, মোর্চা, মহাজোট বা তথাকথিত যুগপৎ আন্দোলনের নামে জনবিচ্ছিন্ন রাজনৈতিক নাটকের সাথে যুক্ত নয়। তারা স্পষ্টভাবে বলেন, দলটি কখনোই সুবিধাবাদী জোটের রাজনীতি করে না, বরং সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে স্বতন্ত্র অবস্থান নিয়ে বাংলাদেশের জনগণের কল্যাণে কথা বলে এবং ভবিষ্যতেও বলবে। তারা দাবি করেন, তাদের রাজনীতি হলো বাস্তবতা ও নৈতিকতার ওপর দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য কাজ করা, যা ক্ষমতার জন্য নয়, বরং জনগণের অধিকার আদায়ের জন্য উৎসর্গ করা হয়েছে।
এই বিবৃতির মধ্য দিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবি একটি জোরালো বার্তা দিয়েছে—তারা কেবল সমালোচনাই করছে না, বরং প্রয়োজন হলে সংগ্রামের প্রস্তুতিও নিচ্ছে।