বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
প্রবাসীদের টাকায় ঝড় তুলছে দেশের বৈদেশিক আয়ের গ্রাফ!
অনলাইন ডেস্ক
ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা চলতি জুন মাসের প্রথম ১৮ দিনেই দেশে পাঠিয়েছেন ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) দাঁড়ায় প্রায় ২২ হাজার ৭০০ কোটি টাকা।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে এসেছে ১০ কোটি ৩৩ লাখ ডলারের রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় যথেষ্ট চমকপ্রদ।
২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুনের ১৮ তারিখ পর্যন্ত রেমিট্যান্সের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৩ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ০৬ বিলিয়ন ডলার।
এখানেই শেষ নয়, রেমিট্যান্সের এই ইতিবাচক ধারার প্রমাণ মিলেছে সদ্যবিদায়ী মে মাসেও—যখন এসেছে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, মার্চ মাসে রেমিট্যান্স ছিল সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের মাসওয়ারি রেমিট্যান্স প্রবাহও নজরকাড়া—জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি এবং মে মাসে এসেছে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স।
বিদেশ থেকে দেশের অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনছে এই টাকার প্রবাহ—রেমিট্যান্স প্রবল, প্রত্যাশা এখন রেকর্ড ভাঙার।