বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
তদবির বাণিজ্যের অন্দরমহলে ঝড় তুলেছে দুদকের অভিযান!
অনলাইন ডেস্ক
ক্ষমতার ছত্রছায়ায় তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার কারসাজি এবং নামে-বেনামে অবৈধ সম্পদ গঠনের মতো গুরুতর অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের দুই আস্থাভাজন ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসানকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। যদিও তাদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠানো হয়েছিল, নির্ধারিত দিনে তারা দুদকে হাজির হননি।
মঙ্গলবার (২০ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, “আজ তাদের হাজির হওয়ার নির্দেশ ছিল, কিন্তু তারা একবারও যোগাযোগ করেননি, এমনকি সময় বাড়ানোর আবেদন করতেও প্রয়োজন বোধ করেননি। তাদেরকে আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দেওয়া হয়েছিল। এই সুযোগ গ্রহণ না করা তাদের নিজস্ব সিদ্ধান্ত—তবে অনুসন্ধান থেমে থাকবে না।”
দুদকের মহাপরিচালক আরও জানান, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত সম্পন্ন করে কমিশনের টিম প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
তাদের অনুপস্থিতির কারণে দেশত্যাগের আশঙ্কা উড়িয়ে না দিয়ে তিনি বলেন, “অভিযুক্তদের পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে, অনুসন্ধানকারী দল প্রয়োজনীয় পদক্ষেপ জানে এবং সে অনুযায়ী কাজ করবে।”
তিনি আরও বলেন, “যদি অনুসন্ধানকারীরা মনে করেন পুনরায় তাদের তলব করা জরুরি, তবে নতুন করে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। দায় এড়ানোর পথ রুদ্ধ করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।”