বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ছিনতাইকারীর হাত থেকে জামা-জুতা কেউই নিরাপদ নয়
অনলাইন ডেস্ক
টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার পর এবার এক যুবকের গায়ের জামা ও পায়ের জুতাও খুলে নিল দুর্ধর্ষ ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে রাজধানীর শ্যামলীর ব্যস্ত এলাকায়। ছিনতাইয়ের এমন দুঃসাহসী ঘটনার কয়েকটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিও ফুটেজের তারিখ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ জুলাই) সকাল ৬টার দিকে। ঘটনাস্থল—শ্যামলী ২ নম্বর রোড।
শনিবার (১২ জুলাই) বিকেল ৫টায় শেরে বাংলানগর থানার ওসি ইমাউল হক ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, “ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে, থানায় আসতে বলা হয়েছে। তার সঙ্গে কথা বলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়—শ্যামলী ২ নম্বর রোডে কাজী অফিসের পাশ দিয়ে ছাতা হাতে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী এসে হাজির হয়। একজন নেমে পড়ে সামনে থেকে ঘিরে ধরে, অপর দুজন মোটরসাইকেলটি ইউটার্ন করে সামনে অবস্থান নেয়।
তাদের মধ্যে দুজনের মাথায় হেলমেট, আর একজন খালি গায়ে ছিল। এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তারা ওই ব্যক্তির সবকিছু ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, তার শরীরের জামা ও পায়ের জুতাও খুলে নেয় ছিনতাইকারীরা।
ছিনতাই শেষে তিনজন একসঙ্গে মোটরসাইকেলে করে আবারও কাজী অফিসের দিকেই পালিয়ে যায়। ভয়াবহ এই ঘটনাটি রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।