বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
পরীক্ষার্থী রিনা ছিনতাইকারীর ছুরিতে স্বপ্নভঙ্গ, কে দায়ী?
অনলাইন ডেস্ক
রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিনা ত্রিপুরা নামের এক এইচএসসি পরীক্ষার্থী রক্তাক্ত আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে ধানমন্ডির মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুঃসাহসিক ঘটনা ঘটে।
রিনা ত্রিপুরা বান্দরবানের থানচি উপজেলার বিদ্যামনি পাড়া গ্রামের অন্দ্রমনি ত্রিপুরার কন্যা।
রিনার পরিবার গণমাধ্যমকে জানিয়েছে, তিনি ধানমন্ডির মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীনিবাসে থাকতেন। বুধবার (২ জুলাই) রাতে খাগড়াছড়ি থেকে ঢাকায় এসে ভোরবেলায় কলেজের ছাত্রীনিবাসের সামনে নামার পরই দুই ছিনতাইকারী তার রিকশা থামিয়ে ছুরিকাঘাত করে দুটি ব্যাগ লুটে নেয়। ব্যাগে ছিল গুরুত্বপূর্ণ নথি ও মূল্যবান সামগ্রী। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে জানান, ধানমন্ডি থেকে এক ছাত্রী ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে এসেছে। এ বিষয়ে ধানমন্ডি থানায় অভিযোগ জানানো হয়েছে।