বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
গেজেট বিভ্রাটে বন্ধ শপথ, নাগরিক সেবায় ধস নামল!
অনলাইন ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুনদের শপথ নেওয়ার আর কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১৮ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাব দিতে গিয়ে তিনি বলেন, “সিটি করপোরেশনের মেয়াদ ইতোমধ্যেই শেষ। তাই আইনি প্রক্রিয়ায় শপথ অনুষ্ঠান আয়োজন করার সুযোগ আর অবশিষ্ট নেই। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণের অপেক্ষায় ছিলাম, কিন্তু তারা নতুন করে কিছু জানায়নি।”
তিনি জানান, “কমিশন বলছে, তারা গেজেট প্রকাশ করেনি, অথচ ১৫ দিন পর জানালো। তখন ইতোমধ্যে ২০ দিন অতিক্রান্ত হয়ে গেছে। একদিকে অকার্যকর গেজেটকে আবার সিদ্ধান্ত হিসেবে ধরা হয়েছে—যা আমাদের বিভ্রান্ত করেছে।”
তিনি আরও বলেন, “আপিল বিভাগ যেভাবে পর্যবেক্ষণ দিয়েছে, তাতে এখন আর সহজে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। গেজেট যদি কার্যকর থাকত, তাও তা এখন আর কার্যকর নয়। একইসঙ্গে করপোরেশনের মেয়াদও শেষ হয়ে গেছে। আমি নিজে আইনজ্ঞ নই, তবে আমাদের মাননীয় আইন উপদেষ্টা, যিনি একজন প্রফেসর ও খ্যাতিমান আইন বিশেষজ্ঞ, বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন।”
আসিফ মাহমুদ বলেন, “পরিস্থিতি যেভাবে এগিয়েছে, তাতে মনে হচ্ছে আমরা আরও সুসংগঠিতভাবে বিষয়টি সামলাতে পারতাম। এখন করপোরেশন কার্যত অচল। আগের মাসের তুলনায় গত মাসে নাগরিক সেবার মান ব্যাপকভাবে কমেছে। দখলদারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে, অফিসগুলোও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফলে নাগরিক সেবায় ব্যাঘাত ঘটছে।”
বিএনপির সঙ্গে সরকারের সম্পর্কে কোনো টানাপোড়েন নেই বলেও দাবি করেন তিনি। গণমাধ্যমকে তিনি বলেন, “আগের মতো আর রাজনৈতিক উত্তেজনা নেই। বিএনপির প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে আলোচনার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক হয়েছে। এই ইতিবাচক আবহ ধরে রাখতে হলে সব পক্ষকেই দায়িত্বশীল হতে হবে।”