বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
এক কাভার্ড ভ্যানে থেমে গেল তরুণ শিক্ষার্থীর ভবিষ্যৎ!
অনলাইন ডেস্ক
রাজধানীর বাংলামোটরে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আরশাদ আহমেদ সরকার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী।
শুক্রবার (২৩ মে) ভোরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরশাদ আহমেদ লালবাগের ওয়াটার ওয়ার্কস রোড এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল হাসান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আরশাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আরশাদ মোটরসাইকেল চালিয়ে বাংলামোটর অতিক্রম করার সময় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়।
শহিদুল হাসান আরও জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।