শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
গাজা দখলে মরিয়া নেতানিয়াহু, ট্রাম্প দিলেন সবুজ সংকেত
অনলাইন ডেস্ক
ইসরায়েল পুরো গাজা উপত্যকা দখলে নিতে মরিয়া। এ লক্ষ্যে সামরিক আগ্রাসন আরও জোরালো করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন দখলপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই গোপন রূপরেখা আগে থেকেই গণমাধ্যমে ফাঁস হয়েছিল। এবার সেই পরিকল্পনার পক্ষে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নেতানিয়াহুর সম্ভাব্য আগ্রাসনের সঙ্গে একমত ট্রাম্প। তাঁর বক্তব্যে ইঙ্গিত মিলেছে, গাজা সম্পূর্ণ দখল করলেও তাতে যুক্তরাষ্ট্র কোনও বাধা দেবে না। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের খবর।
স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প বলেন, তিনি গাজার খাদ্য সংকট নিয়েই বেশি চিন্তিত। কিন্তু গাজা দখলের বিষয়টি ইসরায়েলের সিদ্ধান্ত— এতে তাঁর আপত্তি নেই বলেই সাফ জানিয়ে দেন।
ট্রাম্প আরও বলেন, “বাকি বিষয়গুলো নিয়ে আমি মন্তব্য করতে পারি না। সিদ্ধান্তটা ইসরায়েলের।”
নেতানিয়াহুর ঘনিষ্ঠ একজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমে জানিয়েছেন, “আমরা গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে যাচ্ছি। যেসব এলাকায় জিম্মিরা রয়েছে, সেখানেও চিরুনি অভিযান চালানো হবে। সেনাপ্রধান যদি দ্বিমত পোষণ করেন, তাহলে তাঁর পদত্যাগ করা উচিত।”
ইসরায়েলি চ্যানেল ১২ জানায়, এই কৌশলগত সিদ্ধান্ত গাজা নীতিতে মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলোতে ভয়াবহ অভিযান চালানো হতে পারে।
সম্প্রতি মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে নেতানিয়াহু সাফ জানান, নিরাপত্তা বাহিনীর বিরোধিতা সত্ত্বেও গাজায় অভিযান আরও ছড়িয়ে দেওয়া হবে। হামাসকে চূড়ান্তভাবে পরাজিত করতেই তিনি ‘উপত্যকা দখল’ শব্দ ব্যবহার করেছেন।
ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এই বর্ধিত সামরিক পদক্ষেপে অগ্রসর হতে ‘সবুজ সংকেত’ দিয়েছেন।