সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
মেগাহিট ‘তাণ্ডব’ যখন হলে দাপিয়ে বেড়াচ্ছে, তখনই হানা দিল পাইরেসির ছায়া
অনলাইন ডেস্ক
একের পর এক হলভর্তি শো, অগ্রিম টিকিটের হাহাকার—সব কিছুর মাঝেই সিনেমাপ্রেমীদের দুশ্চিন্তায় ফেলেছে এক অন্ধকার অধ্যায়। বক্স অফিসে বাজিমাত করে চলা শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তাণ্ডব’ যখন হাউসফুলের রেকর্ড গড়ছে, তখনই শোনা গেল হতাশাজনক এক খবর—ছবিটির এইচডি কপি ছড়িয়ে পড়েছে ইউটিউবসহ নানা ডিজিটাল মাধ্যমে! দর্শকের উত্তেজনা যেখানে তুঙ্গে, ঠিক তখনই একদল অসাধু ব্যক্তি এই আলোচিত ছবির পাইরেসিতে জড়িয়ে দিল কালো ছায়া।
দেশের শতাধিক প্রেক্ষাগৃহে চলমান ‘তাণ্ডব’ নিয়ে এমনিতেই টিকিট পাওয়া দুষ্কর হয়ে পড়েছিল। মাল্টিপ্লেক্সগুলোতে বাড়ানো হয়েছিল শোয়ের সংখ্যা। কিন্তু এক ক্লিকে দেখা যাচ্ছে সিনেমার পুরো কপি—এটা মেনে নেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান।
প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) মামলা করেন বনানী থানায় কপিরাইট আইনে। মামলার ভিত্তিতে তৎপর হয় গোয়েন্দা পুলিশ। অবশেষে বুধবার দুপুরে জানা গেল, পাইরেসির সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে তিনজনকে—নোয়াখালীর টিপু সুলতান, ময়মনসিংহের সাদি সাদ ও সাভারের সাজেদুল ইসলাম।
জানা যায়, বেগমগঞ্জের কালিকাপুর গ্রামের টিপু সুলতান ছিলেন এই ঘটনার মূল হোতা। তাঁকে গ্রেপ্তার করে জেলা ডিবি এবং পরে ঢাকায় পাঠানো হয়। পুলিশের জেরায় তিনি পাইরেসির কথা স্বীকারও করেছেন। এদিন রাতে তাঁকে মাইজদীর একটি হোটেল এলাকা থেকে ধরা হয়।
অপর দুই অভিযুক্ত—সাদি ও সাজেদুল—তাদেরও নিজ নিজ এলাকা থেকে ধরে আনা হয়। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, এদের কারো না কারো সঙ্গে প্রেক্ষাগৃহের লোকজন জড়িত ছিল। তদন্ত চলছে—ঠিক কোথা থেকে কপি হলো, কীভাবে ছড়ালো, এবং কারা কারা এই অপরাধে যুক্ত।
ডিবির একাধিক টিম বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কারণ একটাই—দেশীয় চলচ্চিত্রের এই রেনেসাঁকে থামাতে দেওয়া যাবে না কোনোভাবেই। ‘তাণ্ডব’ যে শুধু একটি সিনেমা নয়, এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা নতুন আশার নাম!