শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, একটি শক্তিশালী, নিরপেক্ষ ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার উদ্দেশ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কমিশনের মূল লক্ষ্য হবে সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের কার্যক্রমে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। গতকাল রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন যে, গণমাধ্যম সংস্কারের জন্য সাংবাদিকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের মতামতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকার বাস্তবতা এবং ঢাকার বাইরের বাস্তবতা ভিন্ন। ঢাকার বাইরে কর্মরত সাংবাদিকরা প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। তাদের বেতন কাঠামো, আর্থিক সুরক্ষা ও জীবনমান উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরা হবে। সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য কামরুন্নেছা হাসান, মোস্তফা সবুজ এবং আবদুল্লাহ আল মামুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় সাংবাদিকরা বলেন, অপ-সাংবাদিকতা বন্ধ করতে হলে অনিয়মিত গণমাধ্যমগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি। নতুন গণমাধ্যম নিবন্ধনের ক্ষেত্রে আরও সচেতনভাবে যাচাই-বাছাই করা উচিত। কিছু গণমাধ্যম কর্মচারীদের নিয়োগ দেওয়ার সময় বেতন না দিয়ে উল্টো অর্থ দাবির মতো অনিয়ম করে থাকে, এমন গণমাধ্যমগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।