শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাত্র দেড় মাস বয়সী শিশুকন্যা নুসাইবাকে বিক্রি করেছিলেন তার বাবা। পুলিশের সহায়তায় শেষমেশ শিশুটি মায়ের কাছে ফিরে এসেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে।
তথ্যমতে, গত বছরের ২৪ এপ্রিল ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামের তফাজ্জল হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার এবং একই গ্রামের শাহ আলম মৃধার ছেলে ইমরান মৃধা প্রেমের সম্পর্ক থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে জন্ম নেয় মেয়ে নুসাইবা আক্তার। তবে সন্তান জন্মের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিরোধ দেখা দেয়।
অবশেষে, গত ২২ ডিসেম্বর বৃষ্টি আক্তার এবং ইমরান মৃধার মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। এই সময় বৃষ্টি আক্তারের কাছ থেকে একটি খালি স্ট্যাম্পে সই নিয়ে শিশুটিকে নিয়ে যান ইমরান মৃধা ও তার পরিবারের সদস্যরা। পরবর্তীতে তারা টাকার বিনিময়ে নুসাইবাকে অন্য কোথাও বিক্রি করে দেন।
এই ঘটনায় নুসাইবাকে উদ্ধার করতে গিয়ে তার মা বৃষ্টি আক্তার শ্বশুর, স্বামী ও ননদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। থানার এসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পুলিশ শিশুটিকে ঢাকা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে থানার ওসি মো. রবিউল হক শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেন। সন্তান ফিরে পাওয়ার পর বৃষ্টি আক্তার বলেন, “আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিক্রি হওয়া আমার মেয়ে নুসাইবাকে ফিরে পেয়েছি।”
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, “অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটিকে রোববার সকালে ঢাকার একটি জায়গা থেকে উদ্ধার করে। মায়ের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে। শিশুর বাবা ইমরান মৃধা তার ভরণপোষণের দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছেন।”