বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
ভারতের জন্য ভিসা নীতি শিথিলের কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দু’দিনের সফরে ভারত যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই স্পষ্ট বার্তা দেন। আজ (বুধবার) সকালে মুম্বাই বিমানবন্দরে পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী। খবর বিবিসির।
প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম ভারত সফর। সফরের ঘোষণার পর থেকেই জল্পনা ছড়ায়— ভারতীয় নাগরিকদের জন্য কি ব্রিটেন ভিসা নীতিতে পরিবর্তন আনছে? কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিলেন স্টারমার। তিনি দৃঢ়ভাবে বলেন, “ভারতের সঙ্গে নতুন কোনো ভিসা চুক্তির প্রশ্নই আসে না।”
ভারত সফরে আলোচ্য বিষয় প্রসঙ্গে স্টারমার বলেন, “সম্প্রতি স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তির মূল ফোকাস হবে ব্যবসা সম্প্রসারণ ও পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি।”
ভিসা নীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, “এটা আমাদের আলোচনার অংশ নয়। যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে কোনো পরিবর্তন আসছে না।”
তবে তিনি জানান, ভারত ও যুক্তরাজ্যের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি বাস্তবায়নে অর্থনৈতিক সুবিধাগুলো কীভাবে বাড়ানো যায়— তা নিয়েই মূলত আলোচনা হবে।
কয়েক বছরের আলাপ-আলোচনার পর গত জুলাইয়ে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যচুক্তি সই হয়। বৃহস্পতিবার মুম্বইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন স্টারমার।