শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
বাণিজ্যের সেতুবন্ধন গড়ছে বাংলাদেশ, খুলছে ভিসার দরজা!
অনলাইন ডেস্ক
আঞ্চলিক অর্থনীতিকে চাঙা করতে পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে বাংলাদেশ সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে আসছে ডিসেম্বর থেকেই পাকিস্তানি ব্যবসায়ীরা অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
শনিবার লাহোরে গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জিটিসিসিআই) আয়োজনে স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান।
তিনি বলেন, অনলাইন ভিসা চালুর মাধ্যমে আবেদন প্রক্রিয়া হবে আরো সরল ও দ্রুতগতি সম্পন্ন, যা দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে।
ইকবাল হুসেইন খান আরও জানান, বাংলাদেশ পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সংযোগ স্থাপনের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে বিবেচনা করে।
তার মতে, আঞ্চলিক শান্তি ও অর্থনৈতিক অগ্রগতিকে গুরুত্ব দিয়ে ব্যবসায়ীদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করা হচ্ছে, যা ভবিষ্যতে বড় পরিসরে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এরই মধ্যে ব্যবসা সংক্রান্ত প্রতিনিধি দলের জন্য বিশেষ ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জিটিসিসিআই সভাপতি বাউ মুনির, সাবেক সভাপতি আলী আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু এবং সাধারণ সম্পাদক উসমান মুজাফফর।