বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
অবৈধ অভিবাসন রোধে জিরো টলারেন্স! স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ দুই দিনের সফর
ভিসা জটিলতা, অবৈধ অভিবাসী ও নিরাপত্তা ইস্যুতে আলোচনার লক্ষ্যে দুদিনের গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।
সোমবার (০৫ মে) দুপুরে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে। দুপুরেই তিনি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন। এরপর সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন তিনি।
পরদিন (০৬ মে) মঙ্গলবার সকালেই প্রবাসী কল্যাণ উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে ইতালির প্রতিনিধিদল। দুপুরে তারা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজে অংশ নেবে। এরপর বিকেলে বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তারা।
সফরের মূল লক্ষ্য হচ্ছে অবৈধ অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান পুনরায় জানানো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইতালি এবার কোনো ছাড় দিচ্ছে না—অবৈধ অভিবাসী ঠেকাতে সর্বোচ্চ কৌশল প্রয়োগের বার্তা নিয়ে আসছেন পিয়ান্তেদোসি।
এর আগে ফেব্রুয়ারিতে ইতালির ভাইস ফরেন মিনিস্টার মারিয়া ত্রিপদী ঢাকায় এসেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার আরও গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে ঢাকায় পা রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী।