মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
গরমে জিঙ্ক ছাড়া শরীর দুর্বল হয় দ্রুত, সতর্ক থাকুন!
অনলাইন ডেস্ক
গরমের দিনে তাপমাত্রা যখন চরমে ওঠে, তখন শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ার প্রবণতা বাড়ে। এই সময় ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া বা পরজীবী জাতীয় বিভিন্ন প্যাথোজেনজনিত সংক্রমণের ঝুঁকি থাকে উচ্চ। শরীরকে এসব সংক্রমণ থেকে রক্ষা করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খনিজ উপাদান জিঙ্ক।
জিঙ্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, ক্ষত সারাতে সহায়তা দেয় এবং কোষের বৃদ্ধি ও পুনর্গঠন নিশ্চিত করে। গরমের সময়ে যদি জিঙ্কের ঘাটতি হয়, তবে শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়তে পারে। তবে আশার কথা হলো, দৈনন্দিন খাবারের মাধ্যমে সহজেই জিঙ্কের চাহিদা পূরণ করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, কিছু সাধারণ ও সহজলভ্য খাবার নিয়মিত খেলে জিঙ্কের ঘাটতি থেকে মুক্ত থাকা যায় সহজেই।
চলুন জেনে নেই পাঁচটি জিঙ্কসমৃদ্ধ সুস্বাদু খাবারের নাম—
১. দই
দইয়ে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ জিঙ্ক। দই যদি ফলের সঙ্গে মিশিয়ে খাওয়া হয়, তবে শরীর আরও ভালোভাবে জিঙ্ক শোষণ করতে পারে। গরমে হজমেও সাহায্যকারী এই দই নিয়মিত খাদ্যতালিকায় রাখুন।
২. কাবলি ছোলা
চিকপি বা কাবলি ছোলায় প্রচুর জিঙ্ক থাকে। কাবলি ছোলার স্যালাড, হুমুস বা চানা মশালা তৈরি করে খাওয়া যেতে পারে, যা গরমের দিনে সুস্বাদু ও স্বাস্থ্যকর বিকল্প।
৩. ডিম
একটি সাধারণ ডিমে প্রায় ০.৬ মিলিগ্রাম জিঙ্ক থাকে। প্রতিদিন দুইটি ডিম খেলে শরীরের জিঙ্কের বড় অংশ পূরণ হয়।

৪. তরমুজের বীজ
গরমের প্রিয় ফল তরমুজ শুধু সুস্বাদুই নয়, এর বীজেও রয়েছে জিঙ্কের ভালো পরিমাণ। তরমুজ খাওয়ার পর বীজ ফেলে না দিয়ে শুকিয়ে রেখে নাস্তা বা দইয়ের সঙ্গে খেতে পারেন।
৫. কুমড়োর বীজ
কুমড়োর বীজেও জিঙ্ক রয়েছে প্রচুর পরিমাণে। সকালে এক মুঠো কুমড়োর বীজ দই বা স্মুদি বোলের সঙ্গে খাওয়ার অভ্যাস গরমে শরীরের জন্য অনেক উপকারী।
অতিরিক্ত উৎস হিসেবে ডাল, কাঁকড়া, ঝিনুক (অয়েস্টার) ও কিছু মাছেও জিঙ্ক থাকে। তাই গরমে সুস্থ থাকতে সুষম ও বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি।