সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সাদিকা জাহান
রান্নাঘরের অস্বস্তি বলা হয় পিঁপড়েকে। হঠাৎ করে কোনও সংকেত ছাড়াই তারা আশ্রয় নেয় রান্নাঘরে। আসলে চিনি, খাবারের টুকরো, দুধ বা চায়ের ফোঁটা, বিস্কুটের গুঁড়ো এসব সব রান্নাঘরে পাওয়া যায়। তাই প্রতিদিন সেখানে ভোজের আয়োজন করে পিঁপড়ে। বাজারে পিঁপড়ে মারার বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, তবে বেশিরভাগই ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে তৈরি। তাই সেগুলি এড়িয়ে নিরাপদ ঘরোয়া পদ্ধতিতে পিঁপড়ে তাড়ানোর উপায় অনুসরণ করতে পারেন। এতে খুব সহজেই পিঁপড়ে দূর হবে।
লেবুর রস: লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে, যা পিঁপড়ের পক্ষে মারাত্মক। স্প্রে বোতলে জল এবং লেবুর রস মিশিয়ে রাখুন। যখন পিঁপড়ে দেখতে পাবেন, তৎক্ষণাৎ তাদের ওপর স্প্রে করে দিন। পিঁপড়ে যেখানে প্রবেশ করে, সেখানে লেবুর খোসা বা রস রাখতে পারেন। এমনকি ঘর মোছার সময়ও লেবুর রস মেশানো জল দিয়ে মুছতে পারেন। এতে পিঁপড়ের সমস্যা অনেকটাই কমে যাবে।
লবণ কিছু টেবিল চামচ লবণ গরম পানিতে মিশিয়ে নিন। তারপর মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে স্প্রে বোতলে ভরে পিঁপড়ের যেসব জায়গায় চলে আসার সম্ভাবনা, সেখানে স্প্রে করুন। পিঁপড়ে চলে যাবে।
তেজপাতা: তেজপাতার তীব্র গন্ধ পিঁপড়ে সহ্য করতে পারে না। যেসব জায়গায় পিঁপড়ে চলাচল করছে, সেখানে তেজপাতা রাখুন। এর ফলে তারা চলে যাবে।
দারুচিনির গুঁড়ো পিঁপড়ের উপদ্রব যেখানে বেশি, সেসব জায়গায় দারুচিনির গুঁড়ো ছড়িয়ে দিন। পিঁপড়ে এই গন্ধে বিরক্ত হয়ে চলে যাবে।
সাদা ভিনিগার পিঁপড়ে সাদা ভিনিগারের গন্ধ সহ্য করতে পারে না। পানি ও সাদা ভিনিগার সম পরিমাণে মিশিয়ে স্প্রে বোতলে ভরে ঘরের কোণে কোণে ছড়িয়ে দিন। এতে পিঁপড়ে দূরে চলে যাবে।
চক-পাউডার-ময়দা চকের গুঁড়ো বা বেবি পাউডার পানিতে মিশিয়ে ঘরের কোণে কোণে ছড়িয়ে দিন। যেখানে পিঁপড়ে বেশি থাকে, সেখানে ময়দার গুঁড়ো বা ট্যালকম পাউডার ছড়িয়ে দিন। এতে পিঁপড়ে আর ওই জায়গায় আসতে পারবে না।