সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
বেরোবিতে প্রথমবারের মতো মেধার স্বীকৃতি পেল ডিনস অ্যাওয়ার্ড!
ইউনুচ রাতুল, বেরোবি প্রতিনিধি
২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে প্রথমবারের মতো ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড- ২০২৫ প্রদান করা হয়।
রবিবার(২৯জুন ২০২৫) একাডেমিক ভবন ২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধান অতিথি হিসেবে ৬ অনুষদভুক্ত বিভাগের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক প্রদান করেন।
এই সময় শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য বলেন “আজকের দিনটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্মরণীয় দিন। সম্মাননা ও সনদ অর্জনের অনুপ্রেরণা শিক্ষার্থীদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরো উল্লেখ করেন যে “শহিদ আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যারা মেধার স্বাক্ষর রেখেছে, তাদের মাধ্যমে এই বিদ্যাপীঠ আরো সমৃদ্ধি লাভ করবে।”
২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক(সম্মান) চূড়ান্ত পরীক্ষায় অনুষদগুলোর মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী চার জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড -২০২৫ এবং বিভাগসমূহের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ১৭ জন শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড – ২০২৫ প্রদান করা হয়।
কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং বিজনেস স্টাডিজ বিভাগের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন এবং রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।