শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ইসরায়েলের অপরাধী নেতৃত্বের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টের চমকপ্রদ অভিযোগ!
অনলাইন ডেস্ক
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ ইসরায়েলের বর্তমান নেতৃত্বের একটি অংশকে ‘অপরাধী’ এবং দেশটির নীতিকে ‘অপরাধমূলক’ হিসেবে আখ্যায়িত করেছেন। তার বক্তব্য, এমন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়—বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র এ নীতির পৃষ্ঠপোষকতা করছে।
আলজাজিরার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ জুন) ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট মিলানোভিচ বলেন, ইসরায়েলের নেতৃত্বের কিছু অংশ অপরাধীদের সমন্বয়ে গঠিত এবং দেশটি একটি অপরাধমূলক নীতি অনুসরণ করছে। আমাদের উচিত এমন রাষ্ট্রের সঙ্গে দূরত্ব রাখা।
তিনি আরও বলেন, ‘ইসরায়েল চাইলেই যা ইচ্ছে তাই করে চলেছে—এভাবে তারা বহু দশক ধরে কাজ করছে। এটা নিছকই একটি অপরাধমূলক নীতি, যার কোনো ইতিবাচক ফলাফল নেই। দুঃখজনকভাবে, ওয়াশিংটন এর পূর্ণ সমর্থন দিচ্ছে।’
বিশ্লেষকদের মতে, ইসরায়েলের আক্রমণাত্মক কার্যক্রম ও মার্কিন সমর্থনের প্রেক্ষিতে ইউরোপে বিরূপ প্রতিক্রিয়া বৃদ্ধি পাওয়ার অংশ হিসেবে মিলানোভিচের এ বক্তব্য উঠে এসেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ভূমিকা নিয়ে ইউরোপীয় নেতাদের সমালোচনা সাম্প্রতিক সময়ে আরো শক্তিশালী হচ্ছে।