রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
ইরান ছুড়েছে শতাধিক ড্রোন, ইসরায়েল দিশেহারা!
অনলাইন ডেস্ক
ইরানের পাল্টা জবাবে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত কয়েক ঘণ্টায় তেহরান ইসরায়েলের উদ্দেশে ছুড়েছে ১০০টিরও বেশি ড্রোন। প্রতিটি ড্রোনই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই থামিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
শুক্রবার (১৩ জুন) সকালে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ইরানি ড্রোনের বহর ইসরায়েলের আকাশপানে ছুটে যাচ্ছে।
একটি ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে, একটি ড্রোন ইরাকের আকাশসীমা অতিক্রম করছে। ধারণা করা হচ্ছে, সেটি ইসরায়েল অধিকৃত অঞ্চলে আঘাত হেনেছে।
জবাবি হামলায় ব্যবহৃত ইরানি ড্রোনগুলোর মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে শক্তিশালী শাহেদ সিরিজ। এর মধ্যে একটি শাহেদ-১৩৬ ড্রোনকে শনাক্ত করেছে আইডিএফ, যা পূর্ব ইরাক দিয়ে নিচু ভঙ্গিতে পশ্চিমে উড়ে যাচ্ছিল। প্রতিরক্ষা বাহিনীর ভাষ্য অনুযায়ী, এই হামলা ইরানের প্রতিশোধের সূচনা।
এর আগে বৃহস্পতিবার (১২ জুন) রাত ৩টার দিকে ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় প্রাণ হারান ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি।
এছাড়াও, ইসরায়েলের নিশানায় নিহত হয়েছেন ইরানের দুই পরমাণু বিজ্ঞানী। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহত বিজ্ঞানীরা হলেন মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি।