রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খাঁন ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড অংশে যানজটে আটকা পড়ার পর মোটরসাইকেল চালিয়ে নাজুক মহাসড়ক পরিদর্শন করেছেন।
বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে তিনি এই পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের পর ফাওজুল কবির জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে অস্থায়ী কার্যালয় স্থাপন করে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ অবহেলা করলে বা উপস্থিত না হলে তাদের সাসপেন্ড করা হবে।
উপদেষ্টা অভিযোগ করেন, মহাসড়কে যানজট ট্রাফিক বিভাগের গাফিলতির কারণে সৃষ্টি হচ্ছে। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সমন্বয় করে সমস্যার সমাধান করবেন। বিশ্বরোড এলাকায় উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার ডিজাইন ও সার্বিক কার্যক্রম সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
জানজটের কারণে রেলপথে চাপ বেড়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হবে।”
ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনের অংশ হিসেবে ফাওজুল কবির সকালেই ঢাকা থেকে প্রভাতি এক্সপ্রেস ট্রেনে ভৈরবে পৌঁছে সেখান থেকে আশুগঞ্জ হয়ে সরাইল বিশ্বরোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আশুগঞ্জ ও সরাইলের বিভিন্ন এলাকায় তিন ঘণ্টা যানজটে আটকা থাকার পর বাহাদুরপুর থেকে মোটরসাইকেলে ৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্বরোডে পৌঁছান।
পরিদর্শনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।