রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
পটুয়াখালীর কুয়াকাটার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, ফলে উপকূলীয় এলাকায় জেলে পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া জেলে ঘাট থেকে মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইয়ুম ও ইউনুস নামে পাঁচ জেলে লাল রঙের ফাইবার বোটে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এরপর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
নিখোঁজ জেলেদের পরিবার ও স্থানীয়রা ধারণা করছেন, সাম্প্রতিক নিম্নচাপ বা ইঞ্জিন বিকলতার কারণে নৌকাটি সমুদ্রে ডুবে যেতে পারে বা ভেসে থাকতে পারে। ইতিমধ্যেই এলাকার জেলেরা খোঁজে কয়েকটি নৌকা সমুদ্রে পাঠিয়েছে, কিন্তু কোনো সন্ধান মেলেনি।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. সগির বলেন, “ওই নৌকায় আমার কিছু দাদনের টাকা বিনিয়োগ ছিল। এখনো কোনো খবর না পেয়ে আমরা সবাই দুশ্চিন্তায় আছি।”
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, নিখোঁজ জেলেদের পরিবারের পক্ষ থেকে মহিপুর থানায় জিডি করা হয়েছে এবং খোঁজখবর নেওয়া হচ্ছে।
উপকূলজুড়ে জেলেরা এবং পরিবারগুলো দুশ্চিন্তায় রয়েছেন, আশা করছেন দ্রুত তাদের নিখোঁজ প্রাপ্তি ঘটবে।