শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
গোপালগঞ্জ কোনো দলের নয়, জনগণের বলে জানাল এনসিপি!
অনলাইন ডেস্ক
গোপালগঞ্জ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি সমগ্র বাংলাদেশের অন্তর্ভুক্ত—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।
সারজিস লেখেন, “গোপালগঞ্জ থেকে একজন ভাই মেসেজ দিয়েছেন—‘ভাই, অনেক গুজব ছড়াচ্ছে। এসব গুজবে কান দিয়েন না। আমরা গোপালগঞ্জের মানুষ এটা ভালো করেই বুঝে গেছি—খারাপ সময়ে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে পাঠিয়েছেন। এরপর নিজেও নিরাপদে চলে গেছেন। কিন্তু আমাদের, আমাদের পরিবারগুলোকে রেখে গেছেন অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে। সুবিধা পেয়েছে গুটি কয়েকজন, কিন্তু ভোগান্তি সবার।’”
তিনি বলেন, “যিনি আমাদের কথা ভাবেননি, তার জন্য ভাবারও সময় এখন নেই। আমরা এতটা নির্বোধ না যে এখনো তার কথায় বিভ্রান্ত হয়ে আপনাদের মুখোমুখি দাঁড়াবো, জীবনের ঝুঁকি নেবো! আপনারা আপনাদের মতো প্রোগ্রাম চালান। আমরা জানি কী করতে হবে।”
স্ট্যাটাসের শেষ অংশে সারজিস লেখেন, “গোপালগঞ্জ পদযাত্রায় আমাদের অঙ্গীকার—আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গোপালগঞ্জের অধিকার বঞ্চিত মানুষরা ন্যায্য সুযোগ পাবে। জেলার নাম ব্যবহার করে যেন আর বৈষম্য না হয়। গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের জনগণের।”
এর আগে আরেকটি স্ট্যাটাসে সারজিস লেখেন, “১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!” এছাড়াও ফেসবুক পোস্টের এক মন্তব্যে তিনি জানান, “আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।”