মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
রঙে খেলুন, ঘর হোক প্রশান্তি আর স্টাইলের রাজ্য
অনলাইন ডেস্ক
ঘরের সৌন্দর্য অনেকাংশেই নির্ভর করে আসবাবের রঙের ওপর। শুধু পছন্দের ওপর নয়, আসবাবের রং বাছাই করতে হয় ঘরের ধরন, আয়তন, আলো-বাতাস, এবং দেয়ালের রঙ বিবেচনায় রেখে। ছোট ঘর হলে হালকা রঙের আসবাব আর বড় ঘরে গাঢ় রঙ বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।
অন্দরসজ্জা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের গুলশান নাসরীন চৌধুরী। তাঁর মতে, হালকা রং ঘরকে বড় দেখায়, আর গাঢ় রং ঘরে আনতে পারে ওজনদার ভাব। যেমন, সাদা বা চাঁপা সাদা দেয়ালের সঙ্গে তেঁতুলবীজ বা কাঠ রঙের ফার্নিচার দেখাবে দারুণ।
একই ঘরের সব আসবাবে যেন ছন্দ থাকে, সেটা খুব জরুরি। সব আসবাবে ভিন্ন রং দিলে চোখে লাগে বিশৃঙ্খলা। তবে একটা আসবাব যদি একটু ভিন্ন রঙের হয়, তাহলে অন্য অনুষঙ্গগুলোয় সেই রঙের ছোঁয়া রাখা যেতে পারে।
আসবাবের সঙ্গে মিলিয়ে ঘর সাজাতে পারেন কুশন, পর্দা, চাদর বা টেবিলক্লথের রঙেও। মৌসুম বদল কিংবা উৎসব উপলক্ষে এই উপাদানগুলো পাল্টে দিলে ঘরে আসে নতুনত্ব। শিশুর ঘরের ক্ষেত্রে নানা রঙের আসবাব রাখতে পারেন, তবে শোবার ঘরে শান্তি এনে দেবে সি-গ্রিন, চাঁপা সাদা বা কাঠ রঙ। লাল কিংবা কফি রঙের ব্যবহার সেখানে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করতে পারে।
যদি ঘরে আলো কম আসে, তাহলে হালকা রঙই বেছে নিন আসবাবের জন্য। ফ্ল্যাটবাড়িতে যেহেতু আলো সীমিত, তাই দেয়ালের রঙও রাখুন হালকা।
কাজের ঘরের কথা বললে, সেখানে সাদা দেয়াল আর কালো চেয়ার বা কাঠ রঙের টেবিল মানিয়ে যাবে দারুণভাবে। পাশে রাখতে পারেন সাদা বা হালকা সবুজ ডিভান।
আর যদি ঘর হয় বেশ বড়, সেখানে তিনটি দেয়ালে হালকা শেড রেখে একটি দেয়ালে গাঢ় শেড ব্যবহার করতে পারেন। এর সঙ্গে নীল, হলুদ বা বাদামির ছোঁয়া ঘরে আনবে ভারসাম্য। মেঝে ফাঁকা না রেখে কোনো একটি ম্যাট বা কার্পেট বিছিয়ে দিতে ভুলবেন না।
ঘর হোক আপনার মনের আয়না—রঙে থাকুক ছন্দ, সাজে থাকুক বৈচিত্র্য