শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সীমান্তে ভারতীয় ঢল: নিরাপত্তায় নতুন উদ্বেগের সঞ্চার!
কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় মুসলিমদের জোরপূর্বক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। আজ ভোর আনুমানিক ভোর ৫ টায় পুশইনের এ ঘটনা ঘটে।
জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়নের আওতাধীন বেলছড়ি বিওপি ও শান্তিপুর বিওপি এর মাঝামাঝি স্থান দিয়ে ২৭ জন ভারতীয় (গুজরাট রাজ্যের) মুসলিম নাগরিক উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর ও হাজীপাড়া এলাকায় অনুপ্রবেশ করে এবং স্থানীয় আবুল হোসেন মেম্বারের বাড়িতে অবস্থান করছিলো। পরে বিজিবি সদস্যরা এসে তাদের নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়।
এদিকে উপজেলার যামিনী পাড়ার ২৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তাইন্দং বিওপি’র সীমান্তবর্তী এলাকা দিয়ে ২২ জন ভারতীয় (গুজরাট রাজ্যের) মুসলিম নাগরিক মাটিরাঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে।
এছাড়াও খাগড়াছড়ির ৩২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন রুপসেনপাড়া বিওপি’র সীমান্তবর্তী এলাকা দিয়ে ৩০ জন ভারতীয় (গুজরাট রাজ্যের) মুসলিম নাগরিক পানছড়ি উপজেলায় অনুপ্রবেশ করে বলে জানা যায়।
এসব নাগরিকদের পূর্ব পুরুষরা বাংলাদেশী নাগরিক ছিলেন এমন অজুহাত দেখিয়ে তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হচ্ছে বলে অনুপ্রবেশকারীদের বক্তব্যসূত্রে জানা যায়।
বাংলাদেশে যারা অনুপ্রবেশ করেছে তাদের সাথে আরও ৪০০ থেকে ৫০০ জন ভারতীয় মুসলিম বিএসএফের তত্ত্বাবধানে রয়েছে বলে জানা যায়। তাদেরকে বিএসএফ কর্তৃক খেদাছড়া, যামিনীপাড়া, খাগড়াছড়ি ও পানছড়ি সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পুশ ইন করা করা হতে পারে ।
এ সব ভারতীয় মুসলিম নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য গুজরাট রাজ্য হতে বিমানযোগে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়েছে বলে জানা যায়।