বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
প্রায় ৪০ বছর আগের কথা। তখন শাহরুখ খান ছিলেন ১৮ বছরের তরুণ, আজকের ‘বলিউডের বাদশাহ’ হওয়ার অনেক আগের কথা। সেই সময় প্রেমে পড়লেন গৌরী চিব্বারের। তবে সাত বছর পর, ১৯৯১ সালে তিনি হয়ে যান গৌরী খান, শাহরুখের স্ত্রী। আজ তাঁর জন্মদিন, ৮ অক্টোবর, ৫৫ বছরে পা রাখলেন তিনি। প্রযোজক ও ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে বেশ খ্যাতি রয়েছে তাঁর। বলিউডের অনেক হাইপ্রোফাইল তারকার ঘর ও অফিস তাঁর সৃষ্টিশীল সাজে সজ্জিত হয়েছে। পাশাপাশি শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্টেও কাজ করছেন তিনি। আজ জন্মদিনে ফিরে দেখা যাক শাহরুখের দেওয়া এক মজার তথ্য, যা প্রকাশ করে তাঁদের প্রেমের গল্পের এক অংশ।
‘১৯৮৪ সালে ঘটনাটি ঘটে। গৌরী নামের এক মেয়ের প্রেমে হাবুডুবু খেলাম। ওর বাড়ি ছিল পঞ্চশিলে, আর আমি থাকতাম হুজ খাসে। আর তখন অন্যান্য তরুণরা যা করত, আমিও ঠিক সেটাই করলাম। পার্কে, রেস্টুরেন্টে গিয়ে প্রেমিকাকে ইমপ্রেস করতে গাইলাম, ‘গৌরী তেরা গাঁও বারা প্যায়ারা…’।
ভিডিওটিতে শাহরুখ আরও মজা করে বলেন, ‘আমার গান শুনে গৌরী আমাকে ছেড়ে যায়নি। তবে ও সরাসরি বলেছিল, “ফালতু”। ওর কাছে আমার গানটা নাকি বেশ “সস্তা” লেগেছিল। ভাগ্যিস আমাকে নয়।’ এভাবেই এক ভিডিও সাক্ষাৎকারে নিজের প্রেমের সময়ের অভিজ্ঞতা শেয়ার করেন শাহরুখ।
সাক্ষাৎকারটি ১৯৯০-এর দশকের, তবে কিছুদিন আগে সেই ভিডিওটি আবার ভাইরাল হয়ে পড়ে। পুরোনো দিনের সেই ভিডিও ভক্তদের নিয়ে গেছে সময়ের পেছনে। তাই হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই ভিডিওটি।
শাহরুখ খান ও গৌরী খানের প্রথম দেখা হয় ১৯৮৪ সালে দিল্লির পঞ্চশিলা ক্লাবে। তখন শাহরুখের বয়স ১৮ আর গৌরীর ১৪। শাহরুখ এক সাক্ষাৎকারে বলেন, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ কথাটি আমার জন্য সত্যি। প্রথম দেখাতেই গৌরীর প্রতি প্রেম অনুভব করেছিলেন তিনি। তখন শাহরুখ কেবল একজন সাধারণ তরুণ, আর আজকের প্রভাবশালী নায়ক হতে হতে গৌরীই ছিলেন তাঁর পাশে।

বছরগুলো কেটে গেছে, শাহরুখ ও গৌরী একসঙ্গে কাটিয়েছেন অনেক সময়। তাঁদের জীবনে রচিত হয়েছে কত গল্প, মহাকাব্য। সেই সময়ে অনেক সিনেমা হিট হয়েছে, আবার অনেক সিনেমা ফ্লপ হয়েছে। আরিয়ান, সুহানা, আব্রাম—তাঁদের সন্তানরাও আজ বড় হয়ে গেছে। এই সময়ে শাহরুখ যেন হুঁশ ফিরেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার জীবন কেটেছে শুটিংয়ের সেটে। আমার ক্যারিয়ার গড়ে উঠেছে আমার স্ত্রী ও সন্তানদের ত্যাগের ওপর। আমি বুঝতেই পারিনি কখন বাচ্চারা বড় হয়ে গেল। হঠাৎ একদিন দেখি, ওরা বড় হয়ে গেছে। আমি জানিই না, ওরা কখন হাঁটা শিখেছে। এবার আমি চাই আমার স্ত্রী স্বামীর সঙ্গে সময় কাটাক, আর সন্তানরা ফিরে পাক তাদের বাবা’।
আট বছরের প্রেমের পর, ১৯৯১ সালের ২৬ আগস্ট গৌরী বিবাহিত জীবন শুরু করেন শাহরুখের সঙ্গে।

বলিউডের অন্যতম শক্তিশালী দম্পতি শাহরুখ খান ও গৌরীর দীর্ঘ বিবাহিত জীবনের বন্ধন ভক্তদের মুগ্ধ করে। তবে শোনা যায়, তাঁদের সম্পর্কের মাঝে একসময় তৃতীয় একজনের উপস্থিতি ছিল। বলিউডপাড়ায় একসময় গুঞ্জন ছিল, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখের সম্পর্ক তৈরি হয়েছিল, যা খান দম্পতির বিবাহিত জীবনে প্রভাব ফেলেছিল। এমনকি, গৌরী নাকি শাহরুখের বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ডিভোর্সের কথাও ভেবেছিলেন। তবে শেষমেশ পরিস্থিতি স্বাভাবিক হয়, এবং তাঁদের সম্পর্ক আবারো স্থিতিশীল হয়ে ওঠে।