রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
মোহাম্মাদ ইমরান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার আশঙ্কার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
লিখিত অভিযোগে জানানো হয়, উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মোমেন উদ্দিন বিশ্বাসের ছেলে মো. মোস্তফা বিশ্বাস এক বছর আগে তার বড় বোন চন্দনা বেগমের কাছ থেকে ১৪ শতাংশ পৈতৃক জমি ক্রয় করেন। জমি কিনতে তিনি বিভিন্ন এনজিও থেকে প্রায় ১৫ লাখ টাকা ঋণ নেন। পরবর্তীতে পারিবারিক অসুস্থতা ও আর্থিক সংকট দেখা দিলে তিনি বসতবাড়ির পাশের ৫ শতাংশ জমি বিক্রির উদ্যোগ নেন।
জমি বিক্রির সময় চালিনগর গ্রামের মো. জাহাঙ্গীর শেখ শতকপ্রতি ৩ লাখ টাকা প্রস্তাব দেন। অন্যদিকে একই এলাকার রফিকুল ইসলাম শতকপ্রতি ৬ লাখ টাকায় জমি কিনতে রাজি হলে মোস্তফা বিশ্বাস তাকে জমি রেজিস্ট্রি করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে জাহাঙ্গীর শেখ ও তার ভাই আলমগীর ও হেমায়েত বিভিন্ন সময় মোস্তফা বিশ্বাসকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।
গত শুক্রবার (২৯ আগস্ট) এ ঘটনায় সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে সালিশ বসে। পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সালিশে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে একপর্যায়ে জাহাঙ্গীর শেখপক্ষের অসৌজন্যমূলক আচরণের কারণে সালিশ ভেঙে যায়। পরে মোস্তফা বিশ্বাসকে একা পেয়ে প্রতিপক্ষরা জমি লিখে দেয়ার জন্য হুমকি দেয় এবং অস্বীকৃতি জানালে কুপিয়ে-পিটিয়ে হত্যার হুমকিসহ ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার ভয় দেখায়।
এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে মোস্তফা বিশ্বাস শনিবার সকালে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দুপুরে তিনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”