বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
প্রবাসীর টাকায় ইতিহাস গড়ছে বাংলাদেশ, থেমেছে হুন্ডি!
অনলাইন ডেস্ক
নতুন সরকারের তদারকিতে দেশের অর্থনৈতিক গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে। অর্থপাচার রোধে কড়া পদক্ষেপ আর হুন্ডি বন্ধে কঠোর নজরদারিতে বদলে গেছে চিত্র। এরই প্রতিফলন দেখা যাচ্ছে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাড়তে থাকে বৈধ পথে প্রবাসী আয়ের প্রবাহ। এতে একের পর এক রেকর্ড গড়ছে রেমিট্যান্স। সর্বোচ্চ রেমিট্যান্স আসে মার্চে, এরপর দ্বিতীয় সর্বোচ্চ আসে এপ্রিলে—দুটি মাসই ইতিহাস গড়ে।
এই ঊর্ধ্বমুখী ধারা চলছেই। মে মাসের প্রথম সাত দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৭৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) প্রায় ৮ হাজার ৯৬৭ কোটি টাকা। গড়ে প্রতিদিন আসছে ১০ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ১২৮১ কোটি টাকা। এ প্রবাহ অব্যাহত থাকলে মে মাসেই রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বে বলে আশা।
গণমাধ্যমের হাতে পাওয়া বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের মে মাসের প্রথম সাত দিনে প্রবাসী আয় এসেছে ৭৩ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৩ কোটি ৪০ লাখ ডলার বেশি। ২০২৪ সালের একই সময়ে এসেছিল ৬০ কোটি ১০ লাখ ডলার।
অন্যদিকে, চলতি অর্থবছরের শুরু থেকে মে মাসের সাত দিন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৭ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৯৭২ কোটি ডলার। সেই হিসেবে রেমিট্যান্স বেড়েছে প্রায় সাড়ে ৫ বিলিয়ন ডলার। অর্থবছরজুড়ে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ২ শতাংশে।
২০২৪-২৫ অর্থবছরের মাসওয়ারি চিত্রও ইতিবাচক। জুলাইয়ে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে রেকর্ড ৩২৯ কোটি এবং এপ্রিলে এসেছে ২৭৫ কোটি ডলার।
রেমিট্যান্স প্রবাহে এমন ইতিবাচক ধারা অব্যাহত থাকলে অর্থনীতি পাবে স্বস্তি আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ হবে আরও শক্তিশালী।