রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সাদিকা জাহান
ব্রণের সমস্যায় ভোগা মানুষরা প্রায়ই এতে বিব্রত হন। তাছাড়া এটি সৌন্দর্যে বিঘ্ন ঘটায়। তবে ব্রণের সমস্যায় আক্রান্ত হলে অনেকেই জানেন না কী করা উচিত এবং কী করা উচিত নয়।
বর্ষার সময় ত্বক ও চুলে নানা সমস্যা দেখা দেয়। অনেকের এই সময়ে ব্রণ বা ত্বকের সমস্যা আরও খারাপ হয়ে যায়। বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক, তাদের সমস্যাটি আরও বাড়ে। এছাড়া হরমোনের তারতম্য, মানসিক চাপ, অনিয়মিত খাবার ও ঘুমের অভাবও ব্রণের কারণ হতে পারে।
ব্রণ লুকানোর জন্য অনেকে মেকআপ ব্যবহার করেন। তবে মেকআপ ব্যবহারে সাবধান থাকতে হবে। কারণ মেকআপের কারণে ব্রণের সমস্যা আরও বেড়ে যেতে পারে।
ব্রণের সমস্যা থাকলে মেকআপ করার সময় যেসব পরামর্শ অনুসরণ করতে হবে:
১. ব্রণের সমস্যা থাকলে মেকআপ করার আগে ত্বক ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর টোনার বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
২. ব্রণ আড়াল করার জন্য প্রাইমার ব্যবহার করা যেতে পারে। প্রাইমার মেকআপের আগে লাগালে মেকআপ দীর্ঘক্ষণ স্থায়ী হয়। শুধুমাত্র ব্রণ বা দাগের ওপর প্রাইমার লাগানো যেতে পারে। ‘ম্যাটিফাইং প্রাইমার’ ব্যবহার করা উত্তম।
৩. ব্রণ বা দাগের ওপর ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে কনসিলার লাগাতে হবে। ব্রাশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ব্রণের দাগ হালকা হয়।
৪. এরপর ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ব্যবহার করুন। অল্প পরিমাণ ফাউন্ডেশন নিয়ে স্পঞ্জ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। বেশি ফাউন্ডেশন লাগানোর প্রয়োজন নেই, তবে এমন ফাউন্ডেশন ব্যবহার করুন যাতে তেল কম থাকে।
৫. সবশেষে কমপ্যাক্ট পাউডার সারা মুখে ব্যবহার করুন। এতে ব্রণ আড়াল হবে। ব্রণের ওপর হাইলাইটার ব্যবহার করবেন না।
ব্রণ থাকলে মেকআপ তোলার সময়েও সতর্ক হতে হবে। মেকআপ তুলতে অলসতা করবেন না, কারণ তা ব্রণের সমস্যা বাড়িয়ে দিতে পারে। মেকআপ তুলতে ‘ডবল ক্লিনজিং’ পদ্ধতি অনুসরণ করুন। প্রথমে মেকআপ রিমুভার দিয়ে মেকআপ তুলুন, এরপর ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। শেষে অ্যালোভেরা জেল লাগানো যেতে পারে। মেকআপের সরঞ্জামও পরিষ্কার রাখতে হবে।