শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্বকে কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাতে পুলিশ তাকে থানায় নেওয়ার সময় জনরোষের মুখে পড়ে, এতে আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে রবিবার ভোরে আদালতে পাঠানো হয়।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর জানিয়েছেন, গ্রেপ্তারের সময় একদল লোক হামলা চালায়, অপূর্ব কিছুটা আহত হয়। তাকে থানায় নিয়ে মামলা রেকর্ড করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর সামাজিক ও ধর্মীয় আলোচনার মধ্যে প্রখ্যাত ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারি মন্তব্য করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননার এই ঘটনা ন্যক্কারজনক এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে। আজহারি বলেন, “মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মানসিক হাসপাতালে বা রিহ্যাব সেন্টারে পাঠানো উচিত, বিশ্ববিদ্যালয়ে নয়। এটি দেশকে অশান্ত করার পরিকল্পিত নীলনকশার অংশ হতে পারে।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত অভিযুক্তকে অবিলম্বে বহিষ্কার করা। পাশাপাশি আগামী এক মাস বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত, কোরআন স্টাডি সার্কেল ও কোরআনের অনুবাদ ও তাফসির বিতরণের মতো কর্মসূচি চালানো যেতে পারে। আজহারি যোগ করেন, “আমাদের প্রতিবাদ কেবল ঘৃণায় নয়, দায়িত্বশীলতায় হওয়া উচিত এবং ইসলামের আদর্শ সর্বত্র ছড়িয়ে দিতে হবে।”