সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
কলম্বিয়া নারী দল নিল প্রতিশোধ, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ টাইব্রেকারে!
অনলাইন ডেস্ক
গত বছর জুলাইয়ে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা শিরোপা জিতে ফুটবলবিশ্বে দাপট দেখায় আর্জেন্টিনা পুরুষ দল। সেই উত্তেজনাকর ফাইনালের পর কলম্বিয়ান খেলোয়াড়রা রেফারির নিরপেক্ষতা নিয়ে তীব্র আপত্তি তোলেন। বিতর্ক পেরিয়ে আবারও জুলাই মাসে একে অপরের মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে এবার লড়াইটা নারীদের মঞ্চে—কোপা আমেরিকা ফেমেনিনা’র সেমিফাইনালে। সেখানে পুরুষদের হারের প্রতিশোধ নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল কলম্বিয়া প্রমীলা দল।
মঙ্গলবার (২৯ জুলাই) ইকুয়েডরের এস্তাদিও দে লিগা দেপোর্তিভো ইউনিভারসিতারিয়া’য় নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য ড্র হলেও, টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে চূড়ান্ত পর্বে নাম লেখায় কলম্বিয়া।
আগামীকাল (বুধবার) আরেক সেমিফাইনালে শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল লড়বে উরুগুয়ের বিপক্ষে। আগেই আশঙ্কা করা হচ্ছিল, ফাইনালে দেখা যেতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা ‘সুপার ক্লাসিকো’। কিন্তু আর্জেন্টিনার বিদায়ে সেই সম্ভাবনার ইতি ঘটল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে কলম্বিয়ান নারীরা। বল দখলে ৬২ শতাংশ এগিয়ে থেকে প্রতিপক্ষের রক্ষণ ভেদে নেয় ১৬টি শট, যার ৫টি লক্ষ্যে ছিল। অন্যদিকে, আর্জেন্টিনার ছিল ১০ শটের বিপরীতে মাত্র ৩টি লক্ষ্যে।
টাইব্রেকারের প্রথম পাঁচ শটে দুই দলই ৪টি করে সফলভাবে জালে পাঠায়। আর্জেন্টিনার হয়ে সফল হন ফ্লোরেন্সিয়া বনসেগুন্দো, সোপিয়া ব্রাউন, আলদানা কমেত্তি ও কিশি নুনেজ। তৃতীয় শটে ব্যর্থ হন পাউলিনা গ্রামাগগিলা। কলম্বিয়ার কাতালিনা উসমে, জরেলিন কারাবালি, মানুয়েলা পাভি ও লিন্দা কাইসেদো সফল হলেও চতুর্থ শটে লক্ষ্যভ্রষ্ট হন মায়রা রামিরেজ।
ষষ্ঠ শটে এলিয়ানা স্তাবিলে গোল করতে না পারলে, কলম্বিয়ার ওয়েন্ডি বোনিলা সেই সুযোগ কাজে লাগিয়ে কলম্বিয়াকে ফাইনালে পৌঁছে দেন এবং অলিম্পিক ২০২৮–এর মূল পর্বের টিকিটও নিশ্চিত করেন।
নারীদের কোপা আমেরিকায় এখনও পর্যন্ত একচ্ছত্র শাসন ব্রাজিলের। টুর্নামেন্টের ৯টি আসরের মধ্যে ৮বার চ্যাম্পিয়ন তারা। কেবলমাত্র ২০০৬ সালে নিজেদের মাটিতে শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।