শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েলি হামলার এক বছর পূর্ণ হতে যাচ্ছে আগামীকাল রবিবার। এর মধ্যে, লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই এক বছরে কোথায় কত মানুষের প্রাণহানি ঘটেছে, সেটি এক নজরে দেখা যাক:
গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় অবিরাম বিমান হামলা এবং স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। দিনের পর দিন এই হামলা অব্যাহত থাকায় ফিলিস্তিনিদের প্রাণের ক্ষতি হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (৫ অক্টোবর) সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এই এক বছরে প্রাণ হারিয়েছে ৪১ হাজার ৮২৫ জন। আহত হয়েছে ৯৬ হাজার ৯১০ জন।
তথ্য অনুসারে, হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে। নিহতদের মধ্যে ১৩ হাজারের বেশি শিশু অন্তর্ভুক্ত। পাশাপাশি, বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও ১০ হাজারের বেশি ফিলিস্তিনি।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। ওইদিনের হামলায় প্রাণ হারান ১১৩৯ জন ইসরায়েলি এবং আহত হন আরও ৫ হাজার। ওই দিন হামাস ২০০ এরও বেশি ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে যায়।
গাজার পাশাপাশি পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত এক বছরে সেখানে হামলায় ৭৪২ জনের মৃত্যু ঘটেছে এবং আহত হয়েছে ৬ হাজার ২৫০ জনের বেশি।
এদিকে, গত দুই সপ্তাহ ধরে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, নিহতদের মধ্যে ১২৭ শিশু এবং ২৬১ নারী রয়েছে।
সূত্র: বিবিসি ও আল জাজিরা।