রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে এক ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা ক্লিনটন বিশ্বাসের (২৫) বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৪টার দিকে উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী ইমতাজ সুলতান শাওন (২৩) বর্তমানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শাওন উপজেলার উত্তরপাড় গ্রামের খাইরুল বাশার নান্নুর ছেলে এবং সিকিরবাজার এলাকার গ্যাস ব্যবসায়ী। অভিযুক্ত ক্লিনটন বিশ্বাস রামশীল গ্রামের দীপক বিশ্বাসের ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। ইতিমধ্যে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে।
আহত শাওনের বর্ণনা অনুযায়ী, দুর্গাপূজার আনন্দ উপভোগ করতে মঙ্গলবার রাতে বন্ধুরা মিলে দুটি মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাত সাড়ে ৩টার দিকে মুশরিয়া গ্রামে পূজা দেখে ফেরার পথে খাগবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা কয়েকটি মোটরসাইকেল তাদের চাপ দিলে দুর্ঘটনা ঘটে। তখন ক্লিনটন বিশ্বাসের সঙ্গে কথা বলতেই তিনি উত্তেজিত হয়ে ফোনে আরও ১০-১২ জনকে ডেকে এনে লোহার পাইপ ও গাছের লাঠি দিয়ে মারধর করেন। পরে তাদের এবিএস সুজুকি মোটরসাইকেল (গোপালগঞ্জ ল-১১-৭৬৫৪) ছিনিয়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
শাওনের স্বজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে স্থানীয়রা জানায়, রামশীল ব্রিজের উপরই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে মোটরসাইকেলটি।
অভিযোগ অস্বীকার করে ক্লিনটন বিশ্বাস বলেন, “ইমতিয়াজ শাওন আমাদের রাস্তা আটকায় ও আক্রমণ করে। একপর্যায়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তার মোটরসাইকেলটি আগুনে দেয়। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “যদি কেউ সংগঠনের নাম ভাঙিয়ে এমন ঘটনায় জড়িত থাকে, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করে পুড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের কাউকে ছাড় দেওয়া হবে না।”