রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
‘এমন কোনো অঙ্গীকার আমরা করতে চাই না, যা বাস্তব দুনিয়ায় কার্যকর নয়’—বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপি সবসময় মনে করে, জনগণই রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস। মানুষের সাধ্য ও সক্ষমতার বাইরে গিয়ে কোনো প্রতিশ্রুতি দেওয়া আমাদের নীতির মধ্যে পড়ে না। যা বাস্তবায়নযোগ্য এবং মানুষের পক্ষে সম্ভব, কেবল সেসব প্রতিশ্রুতিই আমরা দিচ্ছি।’
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় গণমাধ্যমের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।
নিজের রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে প্রতিটি পরিবারের গৃহিণীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে সরকারিভাবে সহযোগিতা প্রদান করা হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি এলাকায় অন্তত একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এসব প্রতিষ্ঠানে ভাষা শিক্ষা ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা স্বাবলম্বী হতে পারবে, নিজের উদ্যোগে ব্যবসা শুরু করতে পারবে কিংবা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। যারা চাকরির উদ্দেশ্যে বিদেশে যাবেন, তাদের যেন জমি বিক্রি করতে না হয়, সে জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে।’
কৃষকদের বিষয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে। এজন্য কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কেয়ার কর্মী নিয়োগ দেওয়া হবে।’
ঢাকা-১৫ এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবার জন্য একটি হাসপাতাল স্থাপন করা হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ১০০ ফিট রাস্তার কাজ দ্রুত শুরু করা হবে।’
নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। দেশনেত্রী খালেদা জিয়া যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, ততবারই তিনি নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছেন। এর ফলে আজ দেশের মেয়েরা প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফ্রি শিক্ষার সুযোগ পাচ্ছে।’
শেষে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।’