সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে যেন কোনো ধরনের ঘাটতি তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সতর্কতা ও উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে এলপিজি অপারেটরদের উদ্দেশে জ্বালানি উপদেষ্টা বলেন, চলতি জানুয়ারি ও আগামী ফেব্রুয়ারি মাসে যে পরিমাণ এলপিজি আমদানির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে জাতীয় নির্বাচন ও মাহে রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়ে ভোক্তাদের যেন কোনো ভোগান্তির মুখে পড়তে না হয়, সেদিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
তিনি আরও জানান, অপারেটরদের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। আমদানি, পরিবহন কিংবা অন্যান্য আনুষঙ্গিক জটিলতা দেখা দিলে সরকার সহযোগিতামূলক ভূমিকা রাখবে। সভায় অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক অস্থির পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে এলপিজি আমদানিতে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে। তবে তারা অযৌক্তিকভাবে দাম বাড়াননি এবং এ বিষয়ে উত্থাপিত অভিযোগ সঠিক নয়।
অপারেটররা জানান, চলতি মাসে নির্ধারিত ১ লাখ ৬৭ হাজার ৬০০ টন এলপিজি আমদানির লক্ষ্য পূরণ হলে বিদ্যমান সংকট অনেকটাই কাটবে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সভায় জ্বালানি বিভাগের সচিব, বিইআরসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সরবরাহ, মূল্য স্থিতিশীলতা ও বাজার তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন।