সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) প্রথম দিনের আপিল শুনানি সম্পন্ন হয়েছে। শুনানি শেষে আজ (শনিবার) ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি কার্যক্রম পরিচালিত হয়। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। এতে মাঠপর্যায়ে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা প্রার্থী ও তাদের আইনগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শুনানি শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, প্রথম দিনে মোট ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৫২টি আপিল গ্রহণ করা হয়েছে। ১৫টি আপিল খারিজ এবং ৩টি আপিল পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
ইসি সূত্র জানায়, ৭০টি আপিলের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামানের প্রার্থিতা বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন আবেদনটি মঞ্জুর করে। এর ফলে তার প্রার্থিতা বাতিল হয়েছে। পাশাপাশি ওই দিনে আরও ১৫টি আপিল নামঞ্জুর করা হয়। অর্থাৎ প্রথম দিনেই মোট ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে সর্বমোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। আপিল গ্রহণের শেষ দিনে (শুক্রবার) ১৭৬টি আপিল জমা দেওয়া হয়।