রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিন ও লেবাননের যুদ্ধ অব্যাহত রয়েছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন এবং হচ্ছেন প্রতিনিয়ত। এমন যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে আরও ১৫১ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন।
মঙ্গলবার (৬ নভেম্বর) গভীর রাতে তাদের বহনকারী একটি চার্টার্ড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই বাংলাদেশিদের দেশে ফেরার প্রক্রিয়ায় সহযোগিতা করেছে।
বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সারোয়ার আলম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা ফাতেমা নুসরাত গাজালী।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন জানান, লেবানন থেকে যারা দেশে ফিরতে আগ্রহী, তাদের সবাইকে সরকারি খরচে ফেরত আনার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, এখন পর্যন্ত ৯টি ফ্লাইটের মাধ্যমে মোট ৪৮৮ জন প্রবাসী বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরেছেন।