সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের পঞ্চম দিনে প্রথম এক ঘণ্টায় ৩৬টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এসব আপিলের মধ্যে ২৮টি মঞ্জুর করা হয়েছে এবং পাঁচটি আপিল খারিজ করা হয়েছে। একটি আপিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মুলতবি রাখা হয়েছে এবং আরও দুটি আপিলের আবেদনকারী শুনানিতে উপস্থিত ছিলেন না।
বুধবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানি কার্যক্রম শুরু হয়। প্রথম বিরতি ঘোষণা করা হয় বেলা সাড়ে ১১টায়।
শুনানিতে উঠে আসে, রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদের দাখিল করা ১ শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নের মাধ্যমে নির্বাচিত ১০ জনের একজনকেও যাচাই করা সম্ভব হয়নি। এ কারণে তার মনোনয়ন বাতিল করা হয়। একইভাবে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারীর জমা দেওয়া তালিকা থেকে দৈবচয়নে নেওয়া ১০ জনের মধ্যে আটজনকে যাচাই করা যায়নি, ফলে তার মনোনয়নও বাতিল হয়। সিরাজগঞ্জ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবিরের মনোনয়ন একই কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে। পাশাপাশি ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-১৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়।
অন্যদিকে, কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আব্দুল মতিনের মনোনয়ন বৈধতা নিয়ে করা আপিলে বিএনপির মনোনীত প্রার্থী ও নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার আবেদন নামঞ্জুর করে নির্বাচন কমিশন আব্দুল মতিনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা দিয়েছে।