শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
স্পেনকে মেসির দ্বিতীয় বাসস্থান বলা যায়, কারণ তিনি দীর্ঘ সময় ধরে দেশটির বিখ্যাত ক্লাব বার্সেলোনায় খেলে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। এই ক্লাবের মাধ্যমে তিনি অর্জন করেছেন বিশ্বখ্যাতি। বর্তমানে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি স্পেনের রিয়েল এস্টেট বাজারে বিনিয়োগ করেছেন।
মেসির একটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট স্পেনে যাত্রা শুরু করেছে, যার নাম এদিফিসিও রোসটাওয়ার সোচিমি। এই ট্রাস্টের প্রতিটি শেয়ারের মূল্য ৫৭.৪ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার টাকার বেশি)। মোট বাজার মূলধন ২২ কোটি ৩০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকার সমান।
বিশ্বের অন্যতম শীর্ষ স্টক এক্সচেঞ্জ পোর্টফোলিওর তথ্য অনুযায়ী, মেসি এই ইনভেস্টমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান। এর একমাত্র শেয়ারহোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগ কোম্পানি, যার নাম লিমেকু এস্পানা ২০১০।
যদিও মেসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, তবে খেলা নিয়ে ব্যস্ত থাকার কারণে তিনি বেশি সময় ব্যবসায় ব্যয় করতে পারেন না। তার অনুপস্থিতিতে মূলত তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো এই ট্রাস্টের পরিচালনা করেন। বর্তমানে তিনি কোম্পানির ভাইস চেয়ারম্যানের পদে রয়েছেন।
এছাড়া, মেসির ব্যবসায়িক বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন আলফনসো নোবোত এবং রামোন আদেল। নোবোত মেসির পারিবারিক অফিস পরিচালনা করেন এবং আদেল স্পেনের প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ কোম্পানি নাতুরাজির বোর্ড সদস্য।
এদিফিসিও রোসটাওয়ার সোচিমি বর্তমানে স্পেন এবং অ্যান্ডোরায় ৭টি হোটেল, স্পেনে ৩টি অফিস স্পেস এবং ৫টি অ্যাপার্টমেন্টের মালিক। এছাড়াও, লন্ডন ও প্যারিসে তাদের আবাসিক সম্পত্তি রয়েছে।
পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সান্তিয়াগো নাভারো জানিয়েছেন, মেসির কোম্পানি বর্তমানে নতুন বিনিয়োগকারীদের খুঁজছে, যারা স্পেনের কাতালুনিয়া অঞ্চলে বিনিয়োগ করতে আগ্রহী। কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনায় মেসি প্রায় দুই দশক কাটিয়েছেন। নাভারো আরও জানান, মেসির এই এক্সচেঞ্জটি ২০২৩ সালে কার্যক্রম শুরু করেছে, এবং স্পেনের কেন্দ্রীয় ব্যাংক বাংকো দ্য এস্পানা এর তত্ত্বাবধান করছে।
২০২৩ সালে মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। তার ক্লাবের সঙ্গে চুক্তি ৩১ ডিসেম্বর, ২০২৩ এ শেষ হলেও, চুক্তি নবায়নের সম্ভাবনা রয়েছে। তবে, মেসি তার খেলোয়াড়ি জীবন শেষে স্পেনের বার্সেলোনায় ফিরবেন বলে আগেই ঘোষণা করেছেন।