রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ও ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ বোলার লনওয়াবো সতসবেকে পুলিশ গ্রেপ্তার করেছে। একইসঙ্গে, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন টেস্ট ক্রিকেটার থামি সোলেকিল এবং এলি এমবালাতিও গ্রেপ্তার হয়েছেন।
এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। ২০১৬ এবং ২০১৭ সালে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) তাদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টার কারণে ৭ ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছিল। তাঁদের মধ্যে সতসবে, সোলেকিল এবং এমবালাতি ছিলেন অন্যতম।
ইএসপিএনক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, গ্রেপ্তার হওয়া তিন ক্রিকেটারের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ২০০৪ সালের দুর্নীতি প্রতিরোধ এবং নির্মূল আইনের অধীনে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এই ধারায় অভিযুক্ত হওয়া ব্যক্তিরা খেলাধুলায় দুর্নীতির সাথে যুক্ত। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক হানসি ক্রোনিয়ের ম্যাচ ফিক্সিংয়ের ঘটনার পর এই আইনটি প্রণীত হয়েছিল। এই আইনের অধীনে অভিযুক্ত প্রথম খেলোয়াড়রা হলেন সতসবে, সোলেকিল এবং এমবালাতি।
এই অভিযোগগুলি গঠন করা হয়েছে দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিপিসিআইয়ের (ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন) তদন্তের ফলস্বরূপ। শুক্রবার ডিপিসিআইয়ের ন্যাশনাল হেড লেফটেন্যান্ট জেনারেল গডফ্রে লেবেয়া বলেছেন, ‘খেলাধুলার দুর্নীতি অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করে এবং আমরা সমাজের সকল স্তরে ন্যায্যতা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ক্রিকেট সাউথ আফ্রিকাকে তাদের সহায়তা এবং প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাই।’
সতসবের বিরুদ্ধে অভিযোগ ২০১৫-১৬ রাম স্ল্যাম চ্যালেঞ্জ টুর্নামেন্টের সময়ের। তদন্তের পর, ২০১৬ ও ২০১৭ সালে ক্রিকেট সাউথ আফ্রিকা ৭ খেলোয়াড়কে ফিক্সিংয়ের চেষ্টার জন্য শাস্তি দিয়েছিল। এদের মধ্যে গুলাম বদি ইতোমধ্যেই কারাবাস করেছেন, এবং জিন মিমেস ও পুমি মাতশিকিওয়ে ২০২১ ও ২০২২ সালে অপরাধ স্বীকার করায় তাদের শাস্তি স্থগিত করা হয়।
সতসব, সোলেকিল এবং এমবালাতির নিষেধাজ্ঞার সাজা ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রয়েছে। সপ্তম ক্রিকেটার আলভিরো পিটারসেনের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৬১ ওয়ানডে, ২৩ টি-টোয়েন্টি এবং ৫ টেস্ট ম্যাচ খেলা সতসব সর্বশেষ ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের মে পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১ নম্বর বোলারের স্থান দখল করেছিলেন সতসব।