সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে ঢাকায় আসছে ভারতীয় চিকিৎসকদল!
অনলাইন ডেস্ক
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর গুরুতর দগ্ধদের চিকিৎসা সহায়তায় বাংলাদেশে অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্রুত সমন্বয়ে এই মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘আজ মঙ্গলবার দুইজন অভিজ্ঞ বার্ন চিকিৎসক ও একটি প্রশিক্ষিত নার্সিং দল ঢাকায় পৌঁছাবে বলে আশা করছি।’ তিনি আরও বলেন, ‘দগ্ধ চিকিৎসায় ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্রপাতিও পাঠানো হচ্ছে, প্রয়োজনে আরও বিশেষজ্ঞ আসবে।’
উল্লেখ্য, সোমবারের (২১ জুলাই) মর্মান্তিক দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
দুর্ঘটনার পর সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ এক বার্তায় বলেন, ‘এই কঠিন সময়ে ভারত বাংলাদেশের পাশে আছে এবং প্রয়োজনীয় সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত।’ তার এই ঘোষণার পর ভারতীয় হাইকমিশনের মাধ্যমে দুই দেশের মধ্যে টানা যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।
গণমাধ্যমের বরাতে জানা যায়, বাংলাদেশ সরকার দিল্লিকে জানিয়েছে, বেশিরভাগ আহতের শরীর চরমভাবে দগ্ধ হয়েছে। ফলে বার্ন ইউনিটের অভিজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক চিকিৎসা যন্ত্র এবং প্রয়োজনীয় ওষুধ জরুরি। সেই অনুরোধের পরপরই ভারত দ্রুত পদক্ষেপ নেয় এবং জরুরি সহায়তার প্যাকেজ পাঠাতে সম্মত হয়।