বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম অবশেষে নিজেই ভিডিও বার্তার মাধ্যমে ঢাকায় কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’-এর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিওতে তিনি জানান, খুব শিগগিরই ঢাকার দর্শকদের সামনে লাইভ পারফর্ম করতে আসছেন এবং ভক্তদের সঙ্গে একটি স্মরণীয় সন্ধ্যা কাটানোর অপেক্ষায় রয়েছেন।
ভিডিও বার্তায় আতিফ আসলাম বলেন, ‘হ্যালো, আমি আতিফ আসলাম। আগামী শুক্রবার ঢাকার ৩০০ ফিটে ক্রিকেটারস একাডেমিতে আমি লাইভ পারফর্ম করব। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। লেটস রক দ্য শো।’ ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই কনসার্ট রাজধানীর ৩০০ ফিট এলাকার ক্রিকেটারস একাডেমিতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে ঘিরে সার্বিক প্রস্তুতির বিষয়ে জানাতে মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামীকাল আতিফ আসলাম বাংলাদেশে পৌঁছাবেন। কনসার্টের দিন দর্শকদের সুবিধার্থে দুপুর ২টায় ভেন্যুর প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৬টায় গেট বন্ধ করা হবে। বিকেল ৫টায় শুরু হওয়া মূল সংগীতানুষ্ঠান রাত ১০টা পর্যন্ত চলবে। আতিফ আসলামের পাশাপাশি অনুষ্ঠানে পরিবেশনা করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।
উল্লেখ্য, এই কনসার্টটি মূলত গত বছরের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সব প্রস্তুতি শেষ থাকলেও শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের অনুমতি না মেলায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। তখন আয়োজকরা ভবিষ্যতে নতুন তারিখে কনসার্ট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার আতিফ আসলামের সরাসরি ভিডিও বার্তা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করেছে।
আয়োজকরা আরও জানিয়েছেন, আগের স্থগিত হওয়া কনসার্টের যেসব টিকিটধারী এখনো রিফান্ড নেননি, তারা একই টিকিট ব্যবহার করে এই কনসার্টে প্রবেশ করতে পারবেন। আর যারা রিফান্ডের আবেদন করলেও কারিগরি কারণে অর্থ ফেরত পাননি, তারা চাইলে আবেদন প্রত্যাহার করে পূর্বের টিকিট পুনরায় সক্রিয় করার সুযোগ পাবেন।